একটি সম্পর্ক টিকে থাকে মূলত বোঝাপড়ার ওপর। সেখানে ফাঁক থেকে গেলে সম্পর্কে তৈরি হয় জটিলতা। অনেকেই এমন সম্পর্ক টেনে নিতে চান না। সম্প্রতি এমনই একটি সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। রোববার রাতে নিজেদের ফেসবুকে আলাদাভাবে পোস্ট করে তারা দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান।
প্রীতম হাসান সংগীতশিল্পী ও অভিনেতা। শেহতাজ মনিরা হাশেম অভিনেত্রী ও মডেল। দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবরে বিয়ে করেন তারা। শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তারা। চার বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত জানালেন দুজনেই। তাদের ফেসবুক পোস্টে দুজনেই বলেছেন, পারস্পরিক বোঝাপড়ায় বড় কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রীতম হাসান তার পোস্টে লিখেছেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন প্রীতম। বাংলায় লেখা পোস্টটির দ্বিতীয় প্যারায় তিনি লিখেছেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।’

প্রীতম হাসানের পোস্ট। ছবি: প্রীতম হাসানের ফেসবুক
একই পোস্ট শাহতাজও করেছেন। তিনি সেকথা ইংরেজিতে সরাসরি পোস্ট করেছেন।
কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সেটিও জানিয়েছেন প্রীতম। তিনি জানান এমন সিদ্ধান্ত হঠাৎ করে নেয়া হয়নি। সময়ের সঙ্গে উপলব্ধি করেছেন বোঝাপড়ার পার্থক্যের কারণে এই সময় আলাদা পথ বেছে নেয়াই ভালো। শাহতাজ ও প্রীতম উভয়ই জানিয়েছেন যে অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।
যে কোনো দম্পতির জন্যই এটি একটি বড় সিদ্ধান্ত। জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করার জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন।










