দীর্ঘ ছয় বছর পর সিনেমার পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপি। আসছে ১৭ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সাদেক সিদ্দিকী।

পপি বলেন, সিনেমাটির শুটিং অনেক আগে করেছি। এখন এটি মুক্তি পাচ্ছে। ভালো লাগছে অনেক বছর পর নিজের কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চলেছি।

তবে সিনেমার মুক্তি কাছে হলেও পপিকে এখনো প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না। এ বিষয়ে নির্মাতা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই প্রচারণা শুরু হবে।

সর্বশেষ ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিংয়ে অংশ নেন পপি। পরে সিনেমাটি ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পেলেও মুক্তি বারবার পিছিয়ে যায়। তবে এবার আর তারিখ পরিবর্তনের সুযোগ নেই বলে জানালেন নির্মাতা।

‘ডাইরেক্ট অ্যাটাক’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত। সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে। তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক আমিন খান।

পপি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডিরেক্টর’ সিনেমার পর আড়ালে চলে যান। ২০২০ সালে তিনি ‘ধোঁয়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও কাজ শুরু হয়নি। হঠাৎ করেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে ভক্তদের সামনে আসেন। তখন তিনি বলেছিলেন, ভাগ্য থাকলে আবার ফিরব।

এর মাঝে বিয়ে, সংসার ও ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। ধানমন্ডিতে স্বামী-সন্তানসহ বসবাস করছেন বলে জানা যায়। চলতি বছরের শুরুতে জমি দখল চেষ্টার অভিযোগে খবরের শিরোনামেও আসেন।

চলচ্চিত্র জগতে পপির অভিষেক হয় মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে, যেখানে তার নায়ক ছিলেন ওমর সানী। প্রথম সিনেমাতেই গ্ল্যামারাস উপস্থিতি ও অনবদ্য অভিনয়ে সারা দেশে আলোড়ন তোলেন তিনি। সেই সাফল্যই তাকে ঢালিউডের অন্যতম সেরা নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে।

বহু গুঞ্জন, ব্যক্তিগত ব্যস্ততা আর দীর্ঘ বিরতির পর এবার আবারো বড় পর্দায় ফিরছেন পপি। তবে নতুন সিনেমার পর আবার তাকে নিয়মিত দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি জনপ্রিয় এ অভিনেত্রী।