এবার ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। সাবেক ও বর্তমানের জটিল সমীকরণ এবং সম্পর্কের মনস্তাত্ত্বিক টানাপড়েন নিয়ে নির্মিত সিনেমাটি ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশ হয়েছে এর ট্রেলার। কলকাতায় সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যমে এ সিনেমা নিয়ে নিজের ভাবনা ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জয়া।
পরিচালক কৌশিক গাঙ্গুলীর কাজের প্রশংসা করে জয়া আহসান বলেন, ‘আমরা যেখানে ভাবা শেষ করি, কৌশিকদা সেখান থেকেই গল্প শুরু করেন। মানুষের সম্পর্ক নিয়ে ওর ভাবনার গভীরতা সত্যিই অবাক করার মতো। তার তৈরি চরিত্রে অভিনয় করতে গিয়ে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, মানুষ হিসেবেও আমি অনেক কিছু শিখি। সম্পর্কের নানা স্তর যেন আমি ব্লটিং পেপারের মতো শুষে নিই।’
জয়া আরো জানান, কৌশিক গাঙ্গুলী কখনো আগের সিনেমাকে টেক্কা দিয়ে ‘হিট’ করানোর উদ্দেশ্যে কাজ করেন না। সিনেমাটি অত্যন্ত স্বাভাবিকভাবে তৈরি হয়েছে এবং এটি নিজের শক্তিতেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।
এ সিনেমায় টলিউড অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলীর সঙ্গে কাজের অভিজ্ঞতাকে বেশ ‘ইনটেন্স’ বা জমজমাট বলে উল্লেখ করেন জয়া। তিনি বলেন, ‘কৌশিকদার সিনেমায় প্রতিটি চরিত্রই নিজস্ব গুরুত্ব নিয়ে আসে। তবে আমি আর চূর্ণীদি যখন একই ফ্রেমে থাকি, তখন দর্শকের প্রত্যাশাটা অন্য রকম থাকে। শুভ্রা আর মেঘনা—দুই ‘অর্ধাঙ্গিনী’র মুখোমুখি হওয়াটাই এ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ।’
কৌশিক গাঙ্গুলীর এর আগের সফল সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু আজও অর্ধাঙ্গিনী। আগের কিস্তির দুই নারীর সম্পর্কের সমীকরণ এবার নতুন কোন দিকে মোড় নেয়, তা দেখতে জয়াও একজন দর্শক হিসেবে উন্মুখ হয়ে আছেন। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এ সিনেমায় জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেন, ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্যকে।










