কবীর সুমনের সঙ্গে দ্বৈত গানে রোববার রাতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আসিফ আকবর। সম্প্রতি ঢাকায় প্রোগ্রাম করে দেশের সংগীতপ্রেমীদের সরব আলোচনায় ছিলেন কবীর সুমন। সেই রেশ ফুরোতে না ফুরোতে সুমন ও আসিফের ভক্তরা পেলেন এ সুখবর। ঢাকা ও পশ্চিমবঙ্গের দুই পুরুষ কণ্ঠশিল্পীর দ্বৈত গান খুব একটা দেখা যায় না। বাংলা ভাষাভাষী শ্রোতারা তাই আগ্রহ নিয়ে শুনবেন এ গান—এমনটা ধারণা করাই যায়।
বয়স ৫০ পার হলেও সংগীতশিল্পী আসিফ আকবর এখনো গানে নিয়মিত। আর সুমন তো ৭০ পেরিয়ে এখনো সজীব। সম্প্রতি তার কনসার্টে শ্রোতারা তা ভালোভাবেই টের পেয়েছেন। প্রথমবার তারা দুজন একসঙ্গে একটি দ্বৈত গান গাইলেন। গানের শিরোনাম ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর’। এ কথার গানের গীতিকার কবীর সুমন, সুরও করেছেন তিনি। গানটিতে একসঙ্গে গত রোববার রাতেই কণ্ঠ দিয়েছেন কবীর সুমন ও আসিফ আকবর। গানটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটি প্রকাশ পাবে আর্ব এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
এ গান প্রসঙ্গে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেন, ‘আলহামদুলিল্লাহ। কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্রসংগীত জীবনে তার সান্নিধ্য পেয়েছি। রোববার আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ—কবীর সুমন চেয়েছেন, আমি যেন তার সঙ্গে ডুয়েট গান করি। এ গান নিয়ে তার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। জীবনে হয়তো কোনোদিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরব্বি-বন্ধু-স্বজনদের দোয়া ছিল। মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন—শোকর আলহামদুলিল্লাহ।’










