নাটক, সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সমান তালে কাজ করছেন দীপান্বিতা মার্টিন। মঞ্চ থেকে শুরু হয়েছিল তার অভিনয়ের যাত্রা। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে এ তারকার ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি ফুটবলেও আগ্রহী তিনি। আজ কাতার বিশ্বকাপে মাঠে নামছে দীপান্বিতার প্রিয় দল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপে আপনার পছন্দের দল?

আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমার প্রিয় দল আর্জেন্টিনা, তারাই এবারের বিশ্বকাপ জিতুক এটা চাই। আমি চাই না অন্যরা জিতে যাক। বিশ্বকাপে আমার কোনো সেকেন্ড চয়েস নেই। আমি আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান। 

এবারের বিশ্বকাপ কীভাবে দেখার পরিকল্পনা করেছেন?

সব বন্ধু মিলে প্রজেক্টরে খেলা দেখব। আমাদের বন্ধুদের মধ্যেই কারো বাসায় সবাই মিলে দেখব, এমনই ভাবনা আছে এখনো। 

শৈশবের বিশ্বকাপ কেমন ছিল? 

বাসার ছাদে পতাকা লাগাতাম। আমার কাছে ম্যারাডোনার পেপার কাটিংয়ের দুটো নোটবুক ছিল। বাসায় সাধারণত একটা পত্রিকা থাকত। কিন্তু ম্যারাডোনার অন্যান্য ছবি যাতে পাওয়া যায়, তার জন্য আমি বিশ্বকাপের সময়ে অন্য পত্রিকাও কেনাতাম। এতে একই দিনে আমি ম্যারাডোনার আলাদা আলাদা ছবি পেতাম আর সেগুলো কেটে আমার নোটবুকে পেস্ট করে ফেলতাম।