গ্রুপ থিয়েটার চর্চায় একদল তরুণের চেষ্টায় ১৯৮১ সালের ৬ জুলাই লোক নাট্যদল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে লোক নাট্যদল জীবনঘনিষ্ঠ, নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়ন করে আসছে। ৪৫ বছরের অবিরাম পথচলায় লোক নাট্যদল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেকসপিয়র, ব্রেটোর্ল্ট ব্রেখ্ট, গাও সিংজিয়ান, ইউরিপিদিস, বুদ্ধদেব বসু, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রখ্যাত দেশী-বিদেশী নাট্যকারের নাটক মঞ্চায়ন করেছে। এছাড়া দেশীয় লোকসংস্কৃতি ও লোক ঐতিহ্য থেকে সংগৃহীত ময়মনসিংহ গীতিকা থেকে নিরীক্ষাধর্মী আঙ্গিকে নাটক মঞ্চায়ন করেছে। ৪৫ বছরের নাট্যচর্চা, সৃজনশীল প্রযোজনা এবং সাংস্কৃতিক আন্দোলনের পথচলাকে উদযাপন করতে লোক নাট্যদল গতকাল প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম দিন উদযাপন করেছে। পাশাপাশি ৬ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

অনুষ্ঠানমালার প্রথম পর্ব গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মলিয়েরের কমেডি ‘কঞ্জুস’ মঞ্চস্থ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান ৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম।

অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি লোক নাট্যদলের সিনিয়র সদস্য অভিনেতা জাহিদ চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এরপর দলের নতুন প্রযোজনা সুন্দর মঞ্চস্থ হবে।

প্রতিষ্ঠার চার দশকেরও বেশি সময় ধরে লোক নাট্যদল নাট্যচর্চা, নতুন শিল্পী গড়ে তোলা এবং দেশীয় নাট্যাঙ্গনের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ৪৫ বছর পূর্তির এ আয়োজনে নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছে সংগঠনটি।