ঢাকাই সিনেমার অভিনেতা ও নিত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্ত্রী ডলি চৌধুরী। ৮২ বছর বয়সী ইলিয়াস জাভেদ ক্যানসারে ভুগছিলেন।

ডলি চৌধুরী বললেন, আজ সকালে জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এমনিতে তো তাকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল। একটা সময় বাসায় রেখে তাঁর চিকিৎসাসেবা চালিয়ে নেয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স এসে বেশ কিছুদিন ধরে তার চিকিৎসাসেবা দিচ্ছিলেন।

আজ সকালে দুজন নার্স এসে জানান, তার সারা শরীর ঠান্ডা। এরপর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেয়া হয়, যেখানে দীর্ঘদিন ধরে তার চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়াস জাভেদের চলচ্চিত্র জীবন শুরু হয় ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে। তার নৃত্য পরিচালনার প্রথম কাজ ছিল কায়সার পাশার পরিচালিত উর্দু সিনেমা ‘মালান’–এ। অভিনয় জীবনের শুরু ‘নয়ি জিন্দেগি’ (১৯৬৪) সিনেমা দিয়ে। পরবর্তী সময়ে তিনি ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’সহ আরও অনেক আলোচিত সিনেমাতে কাজ করেছেন।

চলচ্চিত্র জগত তার অমলিন অবদান স্মরণ করে শোক প্রকাশ করেছে।