দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও তারকা অভিনেতা সুরিয়া ও তৃষা কৃষ্ণানের জনপ্রিয়তার ওপর ভর করে সিনেমাটি এখন ব্লকবাস্টার হিট। মাত্র আটদিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে সিনেমাটি নতুন রেকর্ড গড়েছে।
তামিলনাড়ু রাজ্যে রেকর্ড
চলতি বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল করুপ্পু। ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির পরই এটি টিকিট কাউন্টারে ঝড় তুলে। গত নয় মাসের মধ্যে এটিই প্রথম তামিল সিনেমা, যা কেবল তামিলনাড়ু রাজ্য থেকেই ১০০ কোটি রুপির বেশি আয় করার গৌরব অর্জন করেছে। এর আগে গত বছরের আগস্টে মেগাস্টার রজনীকান্তের ‘কুলি’ সিনেমাটি এ মাইলফলক স্পর্শ করেছিল। সিনেমাটির পরিবেশক শক্তিভেলান এ সাফল্যকে তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন।
কেবল ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ পারফর্ম করছে সিনেমাটি। প্রথম সপ্তাহে ভারতের বাজারে করুপ্পুর নিট কালেকশন ছিল ১১৩ কোটি ৮৫ লাখ রুপি, যা অষ্টম দিন শেষে দাঁড়িয়েছে ১২১ কোটি ৬৫ লাখে। এর মধ্যে বড় অংশ তামিল সংস্করণ থেকে এলেও তেলেগু সংস্করণে ‘বীরাভদ্রুডু’ নামেও সিনেমাটি ভালো সাড়া জাগিয়েছে।
বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি এরই মধ্যে ৬০ কোটি রুপি সংগ্রহ করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ২০০ কোটি ৮৬ লাখ রুপিতে।
প্রশংসিত গল্প ও অভিনয়
সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে লোকগাথার রক্ষক দেবতা ভেট্টাই করুপ্পুকে কেন্দ্র করে, যিনি এক অসহায় বাবা ও মেয়ের ন্যায়বিচার পাইয়ে দিতে শারাভানান নামের এক আইনজীবীর ছদ্মবেশ ধারণ করেন। ড্রিম ওয়ারিয়র পিকচারসের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রথমার্ধ এবং সুরিয়া-তৃষার অভিনয় দর্শককে বিশেষভাবে মুগ্ধ করেছে। আর্থিক জটিলতার কারণে একদিন পিছিয়ে মুক্তি পেলেও এটিই এখন ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা। পাশাপাশি অভিনেতা সুরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমায় পরিণত হয়েছে।
মুক্তির শুরুতে মিশ্র রিভিউ সিনেমাটির পথচলাকে কিছুটা কঠিন করলেও দর্শক শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন। রক্ষক দেবতার এ টানটান গল্প ও সুরিয়ার অনবদ্য অভিনয় সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বক্স অফিসের বর্তমান ধারা বজায় থাকলে খুব দ্রুতই করুপ্পু ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে বলে ধারণা করছেন সিনেমা বিশেষজ্ঞরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস










