‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত পরিচালক সৈয়দা রুবাইয়াত হোসেন, এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নামে নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। অনেকটা গোপনেই শেষ হয়েছে এ সিনেমার শুটিং। এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী— আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু।

সিনেমার গল্পে একজন মেয়ের স্বপ্নের রূপকথার মতো আয়োজন করা হয় তার বিয়ের। কিন্তু ভেতরে ভেতরে সে এক জটিল রোগে ভুগছে। সমস্যার সমাধান করতে ঘরোয়া উপায় ব্যবহার করেও কোনো ফল না পেয়ে মানসিক চাপ বেড়ে যায় তার। একদিন বিউটি পার্লারে গিয়ে লম্বা চুলের এক রহস্যময় নারীকে কল্পনায় দেখতে শুরু করে মেয়েটি। এভাবেই এগিয়ে চলে সিনেমার গল্প।

এ সিনেমায় আজমেরী, সুনেরাহ, শিমু ছাড়াও আছেন জাইনিন করিম চৌধুরী।

পরিচালক বলেন, ‘দুই দশকের বেশি সময় ধরে গল্পটি নিয়ে কাজ করেছি। ২০০৬ সালে প্রথমে স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে এটি করার পরিকল্পনা ছিল, পরে পূর্ণদৈর্ঘ্য সিনেমার সিদ্ধান্ত নিয়েছি। ২১ বছর ধরে গল্পটি মনের মধ্যে রেখেছি, বারবার লিখেছি। অবশেষে এক দুর্দান্ত টিম নিয়ে সিনেমা বানাতে পেরেছি। এটি আমার কাছে এক মিরাকলের মতো।’

রুবাইয়াত হোসেন আরো বলেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চ দিয়েছেন। তাদের আস্থা, উদারতা, নিখুঁত শৈল্পিকতা এবং দৃঢ় প্রত্যয়ের জন্য আমি কৃতজ্ঞ।’

সিনেমার চিত্রগ্রহণে আছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস, আর অন্য বিভাগেও কাজ করেছেন আন্তর্জাতিক কলাকুশলীরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস এবং নরওয়ের ইনগার্ড লিল হটন।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার পোস্ট প্রোডাকশন চলছে। এটি ২০২৬ সালের মার্চ নাগাদ প্রকাশিত হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ১৩ ডিসেম্বর ফ্রান্সের লেস আর্কস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক-ইন-প্রোগ্রেস প্রোগ্রামে সিনেমার প্রকল্প প্রদর্শিত হবে।

আজমেরী হক বাঁধন ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য, সুনেরাহ বিনতে কামাল ২০১৯ সালে ‘ন ডরাই’, এবং রিকিতা নন্দিনী শিমু ২০২২ সালে ‘শিমু’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।