‘ইয়ে’ নামে পরিচিত মার্কিন র্যাপার কেনি ওয়েস্টকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি। সম্প্রতি প্রকাশিত তার গান হেইল হিটলার-এর কারণে অস্ট্রেলিয়া তার বৈধ ভিসা বাতিল করেছে। খবর ভ্যারাইটি।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘যদি কেউ বলে যে ইহুদি বিদ্বেষ যৌক্তিক, আমি তাকে এখানে আসতে দেব না।‘ এ মন্তব্য করতে গিয়ে তিনি ওয়েস্টের প্রসঙ্গ তোলেন।
তিনি বলেন, ‘কেনি ওয়েস্ট অনেকদিন ধরে অস্ট্রেলিয়ায় আসছেন, বহু আপত্তিকর মন্তব্যও করেছেন। কিন্তু যখন হেইল হিটলার গানটি প্রকাশ করলেন, আমার কর্মকর্তারা আবার সব পর্যালোচনা করেন। এরপর তার ভিসা আর বৈধ থাকে না।‘
কেনি ওয়েস্টের ভিসা স্থায়ীভাবে বাতিল হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। টনি বার্ক জানিয়েছেন, নতুন কোনো আবেদন করলে সেটি আইন অনুযায়ী পুনর্মূল্যায়ন করা হবে। তবে তিনি বলেন, ‘আমার মনে হয় স্থায়ীভাবে যা টেকসই নয়, তা হলো ঘৃণা আমদানি করা। আমাদের দেশে যথেষ্ট সমস্যা আছে। সেখানে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ঢোকানোর প্রয়োজন নেই।‘
এর আগেও, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার ওয়েস্টের হিটলার ও হলোকাস্ট বিষয়ক মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন এবং তার প্রবেশ নিষিদ্ধ করার ইঙ্গিত দিয়েছিলেন।
কেনি ওয়েস্টের হেইল হিটলার গানটি মে মাসে প্রকাশিত হওয়ার পর একদিনেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এটি তার নতুন অ্যালবাম ডব্লিউডব্লিউথ্রি-এর অংশ, যেখানে আছে আরো বেশ কয়েকটি বিতর্কিত গান।
গত ৮ মে প্রকাশিত এই গানের ভিডিওতে দেখা যায়, পশুর চামড়া পরা একদল মানুষ গানটির শিরোনাম স্লোগানের মতো করে উচ্চারণ করছে। গানটি স্পটিফাই, অ্যাপল মিউজিক ও ইউটিউবসহ অধিকাংশ প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয়া হয়েছে।
তবে গানটি মুক্তির কিছুদিন পরেই ওয়েস্ট জানান, তিনি ইহুদি বিদ্বেষ থেকে সরে এসেছেন। এরপর হেইল হিটলার গানটির নতুন সংস্করণ হালেলুইয়া নামে প্রকাশ করেন, যেখানে নাৎসিবাদের উল্লেখ বাদ দিয়ে খ্রিস্টধর্ম সম্পর্কিত কথা রাখা হয়।
বছর কয়েক ধরে কেনি ওয়েস্ট নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে ছিলেন। এ বছর শুরুর দিকে তিনি নিজেকে প্রকাশ্যে ‘নাৎসি’ বলে ঘোষণা করেন এবং আগের ক্ষমা প্রত্যাহার করে নেন।










