নিজেকে আবিষ্কারের এ যাত্রায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। যে সুন্দর চরিত্রগুলোয় অভিনয় করার সুযোগ পেয়েছি, সেগুলো সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। আমাকে এ সুযোগগুলো তৈরি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।

রুপালি পর্দায় সাফল্যের সঙ্গে এক দশক পার করলেন অভিনেত্রী দিশা পাটানি। দীর্ঘ এ পথচলায় কখনো প্রশংসা, কখনো নতুন চ্যালেঞ্জ—সব মিলিয়ে বদলেছে অভিনেত্রীর ক্যারিয়ারের গতিপথও। বলিউডে ১০ বছর পূর্তির মুহূর্তে তাই পেছন ফিরে তাকালেন তিনি। স্মরণ করলেন নিজের অভিনয়জীবনের নানা অধ্যায়, কৃতজ্ঞতা জানালেন ভক্ত, নির্মাতা ও সহকর্মীদের।

ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনয়জীবনের কিছু মুহূর্ত শেয়ার করে দিশা লিখেছেন, ‘নিজেকে আবিষ্কারের এ যাত্রায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। যে সুন্দর চরিত্রগুলোয় অভিনয় করার সুযোগ পেয়েছি, সেগুলো সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। আমাকে এ সুযোগগুলো তৈরি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ।’

দিশার চলচ্চিত্রযাত্রা শুরু ২০১৫ সালে তেলেগু সিনেমা ‘লোফার’ দিয়ে। তবে বলিউডে পরিচিতি আসে পরের বছর। নীরজ পাণ্ডে পরিচালিত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেন তিনি। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনীভিত্তিক এ সিনেমায় ধোনির প্রথম প্রেমিকা ‘প্রিয়ঙ্কা ঝা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা কুড়ান।

এরপর একের পর এক সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। বর্তমানে ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী। ২০২৬ সালে ‘ও রোমিও’ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি তারকাবহুল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ২০০৭ সালের রোমান্টিক-অ্যাকশন ড্রামা ‘আওয়ারাপন’-এর সিকুয়াল ‘আওয়ারাপন ২’-এও দেখা গেছে তাকে। ‘আওয়ারাপন ২’-এ ইমরান হাশমির বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা।

এক দশকের এ যাত্রা অবশ্য থেমে থাকছে না। সামনে হিন্দি, তামিল ও আন্তর্জাতিক চলচ্চিত্রের কয়েকটি প্রকল্প রয়েছে তার হাতে। কেভিন স্পেসির সঙ্গে ‘হলিগার্ডস সাগা: দ্য পোর্টাল অব ফোর্স’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। পাশাপাশি নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-এর দ্বিতীয় পর্বেও ‘রক্সি’ চরিত্রে ফিরছেন দিশা।

সূত্র: বলিউড হাঙ্গামা