ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের মধ্যে শক্তিশালী অবস্থানে আছেন তাপসী পন্নু। তবে ক্যারিয়ারে একাধিকবার সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। এর পেছনে রয়েছে অদ্ভুত সব কারণ। সবসময় বাদ পড়ার কারণ তিনি প্রকাশ করেননি। সম্প্রতি একটি বিশেষ খবর তিনি প্রকাশ করলেন। প্রধান অভিনেতার স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তিনি।
সম্প্রতি সঞ্চালক নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় পুরনো দিনের কথা স্মরণ করেন তাপসী। তিনি জানান, একবার একটি সিনেমায় তার অভিনয়ের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন নায়ক। কিন্তু তাপসীর মনে নানা প্রশ্ন ছিল। তাপসী বলেন, ‘আমাকে বলা হয়েছিল, নায়কই আমাকে সরিয়ে দিয়েছেন। কারণটা ঈশ্বরই জানেন। আমি অবশ্য কারণগুলো নিয়ে নানা কিছু ভাবতে থাকি। তার হয়তো নিরাপত্তাহীনতা কাজ করছিল, এমনটা ভাবতে পারি। আবার এটাও ভাবতে পারি, তিনি হয়তো এমন কাউকে চেয়েছিলেন, যার সঙ্গে তার বেশি ঘনিষ্ঠতা রয়েছে। অনেক কারণই কল্পনা করতে পারি। কিন্তু আমাকে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, তিনি আমাকে ছবিতে চান না। কারণ আমি বারবার জানতে চাইছিলাম, আমাকে কেন সরিয়ে দেয়া হলো।’
আরেকটি ঘটনার কথাও স্মরণ করেছেন তাপসী। সেটিকে তিনি সিনেমা থেকে বাদ পড়ার ক্ষেত্রে পাওয়া সবচেয়ে ‘খারাপ’ কারণ হিসেবে উল্লেখ করেন। অভিনেত্রীর দাবি, তাকে বলা হয়েছিল ছবির নায়কের স্ত্রী তাকে পছন্দ করেন না।
তাপসী বলেন, ‘আমাকে একবার বলা হয়েছিল নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না। সে কারণে সিনেমা থেকে আমাকে বাদ দেয়া হচ্ছে। কেন সেই ব্যক্তি আমাকে পছন্দ করেন না তা আমি জানতাম না। কিন্তু এ কারণেও সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে।’ এর আগে সিনেমা বাছাইয়ের ধরন এবং একই ধরনের চরিত্রে আটকে যাওয়ার আশঙ্কায় কিছু কাজ ফিরিয়ে দেয়ার বিষয়েও কথা বলেছেন তাপসী। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নির্দিষ্ট ধরনের চরিত্রের জন্য প্রায়ই একই কয়েকজন অভিনেত্রীকে বেছে নেয়া হয়।’
তাপসী বলেন, ‘সবাই এখন নিজেদের স্বাচ্ছন্দ্যের জায়গায় চলে যাচ্ছে এবং পরীক্ষিত পদ্ধতিই অনুসরণ করছে। যেমন গ্ল্যামারাস চরিত্রের জন্য ইন্ডাস্ট্রির কাছে পাঁচজন অভিনেত্রীর একটি নির্দিষ্ট তালিকা রয়েছে। আবার জোরালো বক্তব্য বা সামাজিক ইস্যুভিত্তিক ছবির জন্য রয়েছে আরো পাঁচজন অভিনেত্রীর আলাদা তালিকা।’
সূত্র: বলিউড হাঙ্গামা










