বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে প্রদর্শিত হবে পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রযোজনা ‘পাকে বিপাকে’। আজ রোববার সন্ধ্যা ৭টায় মনোজ মিত্রের বিখ্যাত নাটকটি মঞ্চে উঠছে।
‘পাকে বিপাকে’র নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে। অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, শরিফুল ইসলাম ও জিনাত ইসলাম।
নাটকের গল্পে দেখা যায়, নিঝুম রাতে গ্রামের আলপথ ধরে কাঁপা গলায় গান গেয়ে এগিয়ে আসছে হাবলা জনার্দন। এমন সময় তার আর্তচিৎকারে কেঁপে ওঠে বিলের চারপাশ। মনে হয় যেন বিষাক্ত সাপে দিয়েছে ছোবল।
জনার্দন ছুটে যায় এক লণ্ঠনের আলোর দিকে, যেখানে বসে আছেন জমিদার নবকৃষ্ণ। জমিদারের কুকীর্তি তুলে ধরে হাবলা জনার্দন। যেন এভাবে তিন বছর আগের পুষে রাখা ক্রোধ মেটাচ্ছে সে।
এদিকে জমিদার নবকৃষ্ণ ভয়ে অস্থির বর্গাদার পান্তু দাস তার ধান লুট করার পরিকল্পনা ঠেকিয়ে দেয় কিনা সে চিন্তায়।
এর মধ্যে অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে নবকৃষ্ণের রক্ষিতা দুর্বা। নবকৃষ্ণের বন্দুক লুট করে পান্তুকে সাহায্য করার চেষ্টা করে সে।
এভাবেই এগিয়ে যায় মনোজ মিত্রের শোষণবিরোধী ‘পাকে-বিপাকে’ নাটকের কাহিনী।










