ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান করে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আমাদের দেশের মানুষের ক্রিকেট প্রেম অজানা নয়। এবারে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে আজকের ক্রিকেট ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কারণ এবারের আসরে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে আজ। তাই দেশের ক্রিকেটভক্তদের মধ্যে চলছে উত্তেজনা। বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যেও বইছে ক্রিকেট উত্তেজনার ঝড়। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কী ভাবছেন তারা তা জানতে কথা হয় কয়েকজন তারকার সঙ্গে। প্রিয় দল, প্রিয় খেলোয়াড় এবং ক্রিকেটের স্মৃতি নিয়ে কথা বলেন তারা।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশ্বকাপ ক্রিকেটে প্রিয় দল এবং বাংলাদেশ নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে বাঁধন বলেন, ‘অবশ্যই ক্রিকেটে আমার প্রিয় দল বাংলাদেশ। খুব একটা খেলা দেখা হয় না আমার। তবে নিজের দেশের খেলা দেখতে কার না ভালো লাগে। বাংলাদেশের খেলা হলে দেখা হয়। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমার প্রত্যাশা অনেক, বিশেষ করে এবার। আশা করি, তারা এবার জয় নিয়ে আসবে আমাদের জন্য। তাদের জন্য আমার শুভকামনা।’ 

আবদুন নূর সজল টেলিভিশন ও সিনেমা দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। তবে কাজের ফাঁকে নিজ দেশের খেলা দেখেন তিনি। এবার বিশ্বকাপ আসর নিয়ে তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘শুটিং না থাকলে আমার খেলা দেখা হয়। নিজ দেশের খেলা দেখা হয়। আমার মনে হয়, বিশ্বদরবারে বাংলাদেশের পরিচিতি তুলে ধরতে ক্রিকেট অবদান রাখছে। বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে গেছেন, তাদের জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, বাংলাদেশ জিতবে।’ 

ছোট পর্দা, বড় পর্দা এবং ওয়েব মাধ্যমের নিয়মিত মুখ জাকীয়া বারী মম। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে জাকীয়া বারী মম বলেন, ‘আমি নিয়মিত খেলা দেখি না। তবে বাংলাদেশের খেলা হলে ভিন্ন কথা। আমি মাশরাফিভক্ত, তিনি দলে নেই, তাকে ভীষণ মিস করব। বাংলাদেশ জিতলে দারুণ লাগে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ যেকোনো মুহূর্তে এখন ঘুরে দাঁড়াতে পারে। এটা বাংলাদেশের জন্য বড় শক্তি। তাই এবার ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমি দারুণ আশাবাদী। শুভকামনা তাদের জন্য।’ 

এই সময়ের ব্যস্ত তারকা ইমতিয়াজ বর্ষণ। ক্রিকেট বিশ্বকাপ ঘিরে তার প্রত্যাশা জানতে চাইলে বর্ষণ বলেন, ‘একটা সময় নিয়মিত ক্রিকেট খেলা দেখতাম। এমনকি ক্রিকেট খেলতাম। আর এখন বাংলাদেশের খেলা থাকলে দেখা হয়। দেশের খেলা মিস না করার চেষ্টা করি। অবশ্যই নিজের প্রিয় দল বাংলাদেশ। আজ বাংলাদেশের প্রথম ম্যাচ। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসবে বলে আমি প্রত্যাশা করি। বাংলাদেশের পরে ওভাবে কোনো দলকে সাপোর্ট করি না। আমাদের দেশের মানুষের কাছে ক্রিকেট একটা আবেগ।’

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বলেন, ‘ক্রিকেটের প্রতি আমাদের দেশের মানুষের সবসময়ই আকর্ষণ কাজ করে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমাদের অনেক আশা। প্রথম ম্যাচের জন্য আজ শুভকামনা। বিশ্বকাপে সবসময় নিজের দেশকে সাপোর্ট করি। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বিশ্বাস করি, ভালো কিছু দিয়েই শুরু হবে এবারের বিশ্বকাপ যাত্রা।’

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে ভাবনা জানতে চাইলে ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসেন বলেন, ‘নিজের দেশ, তাই প্রত্যাশা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমার বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে অনেক কিছু সম্ভব। তার প্রমাণ অনেক খেলাতে আগেই আমরা দেখেছি। ক্রিকেট দিয়ে বাংলাদেশ বহির্বিশ্বে অনেক পরিচিতি লাভ করেছে। পৃথিবীর অনেক দেশ ক্রিকেট দিয়েই আমাদের চিনেছে। আমরা অনেক সিরিজ ও টুর্নামেন্টে ভালো খেলেছি। খুব করে চাইছি বিশ্বকাপেও টাইগাররা ভালো খেলুক।’

ঢাকাই সিনেমার নায়ক বাপ্পী চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে এ তারকার ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার টিম। সবার খেলাই ভালো লাগে। সাকিব-মেহেদী যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ রান হতেই থাকে। এবারের বিশ্বকাপ হবে আমাদেরই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাই সবসময়।’