অস্কার আসর বসার আগে প্রতি বছরই কিছু সিনেমা নিয়ে তুমুল আলোচনা হয়। ধারণা করা হয় এ তালিকা থেকেই কোনো একটি সেরা সিনেমা পুরস্কার পাবে। যেমন গত বছর আলোচিত ছিল দ্য পাওয়ার অব দ্য ডগ, বেলফাস্ট, কোডা। কিন্তু মজার ব্যাপার হলো সবচেয়ে আলোচিত দ্য পাওয়ার অব দ্য ডগ ও বেলফাস্ট সেরা সিনেমার পুরস্কার পায়নি, পেয়েছিল কোডা। এর আগেও এমন ঘটনা ঘটেছে। সেখান থেকে প্রশ্ন ওঠে-আসলেই প্রথম পর্যায়ের ফেভারিট সিনেমাগুলো সেরা সিনেমার পুরস্কার পায় কিনা।

অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিততে সমালোচক ও জুরিদের মত গুরুত্ব পায়। একাডেমি অব মোশন পিকচার আর্টসের নীতি ও শর্ত পূরণ হলেই একটি সিনেমা সেরা সিনেমার খেতাব পেতে পারে। ‘‌ ফেভারিট’ চিন্তা করার সময় সাধারণত সবগুলো শর্ত লক্ষ করে তা নির্ধারণ করা হয় না। আবার অন্যদিকে ফেভারিট সিনেমা নির্ধারণ করে পত্রিকা, সিনেমা ম্যাগাজিন ও সিনেমা সমালোচকরা। অস্কারের নিয়ম সম্পর্কে তাদের জ্ঞান অবশ্যই থাকে কিন্তু তা পূর্ণাঙ্গ অনুসরণ করা হয় না। কখনো কখনো দর্শকের পছন্দের প্রভাবও থাকে সেখানে। এসব কারণে দেখা যায়, বাস্তবে অনেক সময়ই ফেভারিট হয়ে ওঠা সিনেমাগুলো অস্কারে সেরা সিনেমার পুরস্কার পায় না।

দ্য হলিউড রিপোর্টার তাদের একটি নিবন্ধে দেখিয়েছে ১৯৯০-২০২১ সাল পর্যন্ত ৩২ বছরের ইতিহাসে মাত্র ১১ বার প্রথম পর্যায়ে ফেভারিট হয়ে ওঠা সিনেমাগুলো পুরস্কৃত হয়েছে। সিনেমাগুলো হলো- দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস, আনফরগিভেন, শিন্ডলারস লিস্ট, আমেরিকান বিউটি, দ্য লর্ড অব দ্য রিংসঃ দ্য রিটার্ন অব দ্য কিং, নো কান্ট্রি ফর ওল্ড মেন, দ্য হার্ট লকার, দি আর্টিস্ট, টুয়েলভ ইয়ারস আ স্লেভ, প্যারাসাইট ও নোম্যাডল্যান্ড। এর সঙ্গে অবশ্য ওয়াল-ই ও স্লামডগ মিলিয়নেয়ার যোগ করলে সিনেমার সংখ্যা দাঁড়াবে ১৩টি।

অস্কারে সেরা সিনেমা হতে হলে আটটি ‘‌ক্রিটিক গ্রুপ’ থেকে সবুজ সংকেত পেতে হয়। এগুলো হলো-ন্যাশনাল বোর্ড অব রিভিউ, দ্য ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস ও নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, বোস্টন, ক্যানসাস ও লন্ডনের ক্রিটিক সার্কেল। এ আট গ্রুপের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া সহজ নয়। একমাত্র শিন্ডলারস লিস্ট ও দ্য সোশ্যাল নেটওয়ার্ক আটটি গ্রুপকেই তুষ্ট করেছিল। তার পরও দ্য সোশ্যল নেটওয়ার্ক হেরে যায় দ্য কিংস স্পিচের কাছে।

ফেভারিট না হয়েও অস্কারে সেরা সিনেমার পুরস্কার জয়ের ঘটনা অনেক। ব্রেভহার্ট, শেকসপিয়ার ইন লাভ, এ বিউটিফুল মাইন্ড, শিকাগো, আরগো ও গত বছরের কোডা উৎকৃষ্ট উদাহরণ। শুরুতে ফেভারিট না হয়েও পরে সিনেমাগুলো নিয়ে বেশ আলোচনা হয় এবং সেরা সিনেমার পুরস্কার লাভ করে। অন্যদিকে মুলহল্যান্ড ড্রাইভ (২০০১), অ্যাবাউট শ্মিট (২০০২) ও ইউনাইটেড নাইন্টি থ্রি (২০০৬) প্রথম পর্যায়ে ‘‌ ফেভারিট’ হয়েও সেরা সিনেমার জন্য মনোনয়ন পর্যন্ত পায়নি। 

অস্কারে সেরা সিনেমার খেতাব জেতার ধারা দেখলে বলা যায়, সিনেমা সেরা হওয়ার জন্য সমালোচকের পছন্দের হওয়া জরুরি কিন্তু এর বাইরেও ক্যাম্পেইন ও অন্য কিছু বিষয় সিনেমার সম্ভাবনাকে প্রভাবিত করে। কিন্তু এ কথা নিশ্চিতভাবে বলা যায়, ফেভারিট সিনেমা হলেই সেরা সিনেমা হওয়া সম্ভব নয়।