বিনোদন দুনিয়ার সব মাধ্যমে বিচরণ তমা মির্জার। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে অভিনয় করে সাড়া ফেলেছেন এ অভিনেত্রী। এবার আসছে তমা মির্জার নতুন ওয়েব ফিল্ম ফ্রাইডে। একটি সত্য ঘটনা অবলম্বনে এটি পরিচালনা করছেন রায়হান রাফী। এরই মধ্যে ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জ’ থেকে এর ২৫ সেকেন্ডের একটি মোশন পোস্টার প্রকাশ পেয়েছে।

এ নিয়ে অনেকটা হুঁশিয়ারির সুরে তমা বলেন, ‘‌ফ্রাইডের পোস্টারে যে ছয়জনকে দেখা যাচ্ছে, তাদের প্রত্যেকের একেকটা গুরুত্বপূর্ণ গল্প উঠে আসবে। বিশেষভাবে বলতে চাই, দুর্বল চিত্তের মানুষের জন্য এ কনটেন্ট নয়। এটি এমন গল্প, যাতে কিছু নৃশংস দৃশ্য আছে। যে কেউ এ দৃশ্যগুলো সহ্য করতে পারবে না। তাই প্রস্তুতি নিয়ে দেখা উচিত।’

ফিল্মটিতে তমা তার চরিত্র নিয়ে বিস্তারিত জানাননি। তিনি বলেন, ‘‌শারীরিকভাবে প্রস্তুতি নিতে হয়নি, তবে ১১ মাস মানসিকভাবে লালন করেছি। এ ধরনের চরিত্র করার সুযোগ খুব কম আর্টিস্ট পান। আমার বিশ্বাস, সবাই এ চরিত্রের প্রশংসা করবেন।’

গত নভেম্বরে ফ্রাইডে ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে। এ নিয়ে রাফী বলেন, ‘‌জানোয়ারের পর আরো একটি মর্মান্তিক সত্য ঘটনা নিয়ে বানানো এটি। গল্পটি স্ক্রিনে দেখে সবাই সহ্য করতে পারবে না। কারণ এতে অনেক বেশী নির্মমতা আছে। ছবিটি হয়তো এ মাসের শেষে অথবা মার্চে মুক্তি পাবে।’

‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘৭ নং ফ্লোর’-এর মতো ওয়েব কনটেন্টগুলোয় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী। ফ্রাইডে ওয়েব ফিল্মে তাকে নতুন রূপে দেখার পালা এবার।