দেশের বাইরে প্রায়ই সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন। এবার দুটি শোয়ে গান শোনাতে যুক্তরাজ্যে গেছেন এ কিংবদন্তি শিল্পী। গতকাল সকালে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন তিনি। ১১ অক্টোবর লন্ডন ও ১৫ অক্টোবর স্কটল্যান্ডে দুটি আয়োজনে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল ও কিবোর্ডে পার্থ প্রতীম বাপ্পী। চন্দন দত্ত জানান, ১০ অক্টোবর লন্ডনের হ্যানবুরি স্ট্রিটের দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হবে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। এ উৎসবের দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন।

এর আগে গত বছরও এ উৎসবে সংগীত পরিবেশন করেছিলেন সাবিনা ইয়াসমিন। এবারো আয়োজক ও শ্রোতাদের আগ্রহে একই আয়োজনে ফিরছেন তিনি। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ উৎসব যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি প্রবাসী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য অন্যতম প্রধান বার্ষিক উৎসব। প্রবাসী প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা এবং তাদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। গত বছর আমিই প্রথম এ উৎসবে সংগীত পরিবেশন করি। আয়োজক ও শ্রোতাদের আগ্রহে একই উৎসবে আবার সংগীত পরিবেশন করতে যাচ্ছি। সঙ্গে যাচ্ছে চন্দন, টুটুল আর বাপ্পী।’

লন্ডনের আয়োজন শেষে ১৫ অক্টোবর স্কটল্যান্ডে আরেকটি শোয়ে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। সফর শেষে ১৮ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

সাবিনা ইয়াসমিন দীর্ঘ সংগীতজীবনে আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকগান ও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারায় অসংখ্য গান গেয়েছেন। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের গানে তার অবদান গুরুত্বপূর্ণ।