জাত-ধর্ম বা বর্ণ দেখে নয়, ভারতে করোনার লকডাউনের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করেছেন বলিউড অভিনেতা সনু সুদ। এজন্য বিভিন্ন মহল থেকেই প্রশংসা পেয়েছেন। এখন আনলক পর্বেও থেমে নেই তিনি। সম্প্রতি লকডাউনের সময় বাড়ি ফিরতে গিয়ে মৃত ও আহত হওয়া শ্রমিকদের ৪০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন সনু। তার, “আমি ঠিক করেছি আহত ও নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াব। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই লক্ষ্য। এটাকে ব্যক্তিগত দায়িত্বই মনে করছি।” তিনি এরই মধ্যে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহার প্রশাসনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। এ রকম পরিবারগুলোর তালিকা চেয়েছেন।

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সনু সুদের উদ্যোগ তিনি লকডাউনের সময় বিশেষভাবে আলোচিত হয়েছেন। তাকে শ্রদ্ধা জানিয়ে বিহারের একটি গ্রামে তার মূর্তিও স্থাপন করা হয়েছে।

গত সাড়ে তিন মাসে নিজের এসব অভিজ্ঞতার গল্প এবার লিপিবদ্ধ করতে চলেছেন অভিনেতা সনু সুদ। বলিউডের আরো অনেক তারকা লকডাউনে সাধারণ মানুষকে সহায়তা করলেও সেগুলো মূলত ছিল অনুদান দেয়া। সেখানে সনু সুদ মাঠে নেমে অসহায় শ্রমিকদের সমস্যার সমাধান করেছেন। এসব করতে গিয়ে মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি অনেকের খোঁচাও শুনতে হয়েছে। এসব অভিজ্ঞতাই এবার তিনি বই আকারে ভক্তদের উপহার দিতে চলেছেন।

বইয়ের নাম এখনো ঠিক হয়নি। তবে এরই মধ্যে নিশ্চিত হয়েছে যে সনু সুদের লেখা বই ভারতের বিশিষ্ট প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউজ ইন্ডিয়া থেকে প্রকাশিত হবে।

নিজের আসন্ন বই প্রসঙ্গে সনু সুদ বলেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ জানাই, পরিযায়ী শ্রমিকদের মাঝে আমাকে তার দূত হিসেবে কাজ করতে পাঠানোর জন্য। আমার হূদয়জুড়ে মুম্বাই থাকলেও এই পরিযায়ী শ্রমিকদের সূত্রে নাড়ির টান তৈরি হয়েছে আসাম, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের গ্রামগঞ্জে। আমি সেই অভিজ্ঞতাই আমার বইয়ে তুলে ধরতে চাই।’’

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস