নতুন সূর্যের আলোয় শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। পুরোনো বছরের সব ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন দিনের আশায়, আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো দেশ। এই উৎসবমুখর আবহে শামিল হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। কেউ ঘরোয়া আয়োজনে, কেউবা বর্ণিল উৎসবে—নিজ নিজ আয়োজনে বরণ করে নিয়েছেন নতুন বছরকে।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দিয়ে ভক্তদের জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। শাড়িতে তার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে সবার।
এদিকে চিত্রনায়িকা পরী মণি দুই হাতে ইলিশ মাছ ধরে রাখা ছেলের একাধিক ছবি দিয়ে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘শুভ নববর্ষ, মাশাল্লাহ!’
অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য ভালো সময় কামনা করেছেন। পাশাপাশি ছোট বাচ্চাদের নিরাপত্তার কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩। যাদের বাসায় ছোট বাচ্চা আছে আজকে আপনাদের খুব ভিড়ে না যাওয়াই ভালো। বাচ্চা নিয়ে তো অবশ্যই যাওয়া উচিত হবে না। হামের সিচুয়েশন ভালো না! সাবধানে থাকুন, ভালো থাকুন।’
অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া স্নিগ্ধ ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। জান্নাতুল ফেরদৌস ঐশী বৈশাখী সাজে ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন বছর ভরে উঠুক শান্তি আর কৃতজ্ঞতায়।”
সাফা কবির নিজের ছবির মাধ্যমে ভক্তদের ভালোবাসা জানিয়েছেন। আর বিদ্যা সিনহা মিম বৈশাখী সাজে মুগ্ধতা ছড়িয়ে লিখেছেন, ‘নতুন দিনের আলোয় শুরু হোক নতুন স্বপ্ন।’
এছাড়া অন্যান্য তারকারাও সামাজিক মাধ্যমে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।
সব মিলিয়ে, শোবিজ তারকাদের পোস্টে উঠে এসেছে বৈশাখের রঙ, ভালোবাসা আর নতুন শুরুর প্রত্যাশা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনাই করেছেন সবাই।










