ভ্যানিটি ভ্যানে আয়নার সামনে বসে আছেন অভিনেত্রী বিদ্যা বালান এবং তার হাতে চিত্রনাট্য, চোখে চশমা, পিঠে দুলছে লম্বা বিনুনি—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই একটি ছবি শেয়ার করেছেন এ বলিউড তারকা। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে নতুন কোনো চরিত্রে নিজেকে প্রস্তুত করছেন তিনি। তারই স্পষ্ট আভাস পাওয়া যায় ছবির সঙ্গে থাকা ক্যাপশনে, যেখানে বিদ্যা ‘নতুন শুরু, নতুন তামিল ফিল্ম’ লিখে জানিয়েছেন নতুন একটি তামিল সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর আবারো পরিচালক আর বালকির সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী।
সিনেমাটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে বলে জানা গেলেও এর নাম, গল্প কিংবা বিদ্যার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছুই প্রকাশ করেননি নির্মাতা বা অভিনেত্রী। সিনেমাটিতে বিদ্যার পাশাপাশি আর কোন কলাকুশলীরা কাজ করছেন সে বিষয়েও কোনো তথ্য মেলেনি। এমনকি মুক্তির তারিখ নিয়েও আপাতত নীরব নির্মাতারা। সর্বশেষ ২০০৯ সালে ‘পা’ সিনেমায় বিদ্যা বালান ও আর বালকি একসঙ্গে কাজ করেছিলেন। এরপর দীর্ঘ সময় একত্রে কাজ করা হয়নি তাদের। ১৭ বছরের বিরতি পেরিয়ে নতুন তামিল সিনেমার মাধ্যমে আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী ও নির্মাতা।
আর বালকির পরিচালনায় তামিল ভাষার পূর্ণাঙ্গ সিনেমায় প্রথমবার অভিনয় করলেও দক্ষিণী সিনেমায় বিদ্যার অভিষেক এবারই প্রথম নয়। ২০১৯ সালে এইচ বিনোদ পরিচালিত ‘নেরকোন্ডা পারভাই’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া সম্প্রতি প্রকাশিতব্য রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমাতেও অভিনয় করছেন বিদ্যা।
নতুন সিনেমাটির গল্প কিংবা বিদ্যার চরিত্র নিয়ে এখনো কোনো আভাস না মিললেও দীর্ঘ বিরতির পর আর বালকির সঙ্গে তার এ প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










