ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দায়ও পরিচিতি তৈরি করেছেন সাদিয়া আয়মান। ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি ছোট পর্দায় তার উপস্থিতি কিছুটা কমেছে। একই ধরনের চরিত্রে অভিনয়ের একঘেয়েমি ও পছন্দসই গল্পের অভাবকেই এর কারণ হিসেবে দেখছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের অগ্রাধিকার ও জীবনদর্শন নিয়ে কথা বলেছেন সাদিয়া। টিভি নাটক, ওটিটি ও সিনেমা—তিন মাধ্যমে তাকে সমানতালে দেখা যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে নাটকে কাজ কমিয়ে দেয়ার কথা জানান এ অভিনেত্রী। তার ভাষ্য, নাটকের বর্তমান গল্পগুলো খুব একটা ভালো লাগছে না। নিজের মনের মতো চিত্রনাট্যও পাচ্ছেন না।

সাদিয়া বলেন, ‘নাটকে এরই মধ্যে কাজ কমিয়ে দিয়েছি। নাটকের এখনকার গল্পগুলো খুব একটা ভালো লাগছে না, মনের মতোও হয় না। একটা সময় স্ক্রিপ্ট এত ভালো লাগত যে কোনটা রেখে কোনটা করব, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। কিন্তু এখন যেসব স্ক্রিপ্ট হাতে পাই, তা আর টানে না। একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি বা একঘেয়েমি এড়াতেই মূলত নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি।’

একজন শিল্পীর জন্য একই ধরনের চরিত্রে আটকে না থেকে ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরা জরুরি বলে মনে করেন সাদিয়া। দর্শককে নতুন কিছু উপহার দেয়ার তাগিদ থেকেই এখন বড় পর্দা, ওয়েব প্লাটফর্ম ও নতুন ঘরানার প্রকল্পগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। অভিনয়ের ভিন্ন ভিন্ন মাধ্যমে নতুন ধরনের চরিত্রে কাজ করার আগ্রহ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করছে। অভিনয়ের বাইরে নিজের স্বভাব ও জীবনদর্শন নিয়েও কথা বলেছেন সাদিয়া। ব্যক্তিগত জীবনে সরাসরি কথা বলতে পছন্দ করেন তিনি। জীবনের জটিলতা এড়িয়ে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে চলার পক্ষপাতী এ অভিনেত্রী। নিজের এ দৃষ্টিভঙ্গি তুলে ধরে সাদিয়া বলেন, ‘আমি সবসময় সোজা কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। জীবনের জটিলতা এড়িয়ে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে চলাই আমার পছন্দ।’