রেহমান ডাকাইত চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন অক্ষয় খান্না। ধুরন্ধরে এই চরিত্র দর্শক পছন্দে এগিয়ে যাওয়ার পর অক্ষয় খান্না নিজের মতো করে সবকিছু ভাবতে শুরু করেছেন। সে ধারাবাহিকতায় দৃশ্যম নির্মাতাদের সঙ্গে বিরোধ হলো তার। দৃশ্যম থ্রি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, পারিশ্রমিক নিয়ে বনিবনা হয়নি। কিন্তু সম্প্রতি জানা গেল পরচুলা পরতে না পারার কারণেই সিনেমাটি ছাড়লেন অক্ষয় খান্না।
দৃশ্যমের প্রযোজক মঙ্গত পাঠক সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘অক্ষয় খান্নার তরফ থেকে পারিশ্রমিকের কথা বলা হয়েছি। কিন্তু পারিশ্রমিকের কোনো বিষয় এখানে নেই। সিনেমার চুক্তি হওয়ার সময় পারিশ্রমিক নিয়ে আলাপ হয়েছে। অক্ষয় যেমন চেয়েছেন তেমনই তাকে পারিশ্রমিক দেয়ার কথা নিশ্চিত করা হয়। তবে সম্প্রতি সৃজনশীল কিছু বিষয় নিয়ে দ্বিমত হয়েছে। তিনি সিনেমায় একটি পরচুলা পরতে চেয়েছেন। কিন্তু দৃশ্যম টুয়ে তার লুক অনুসারে দৃশ্যম থ্রিতে তাকে পরচুলা পরতে দেয়া যায় না। আমরা এই বিষয়ে রাজি হইনি। প্রাথমিকভাবে অক্ষয় বিষয়টি মেনে নেন। এরপর তার তথাকথিত শুভাকাঙ্ক্ষীরা তাকে বোঝান যে, পরচুলা পরলে তাকে স্মার্ট লাগবে। এর কিছুদিন পর অক্ষয় জানান, তিনি সিনেমাটি করবেন না।'
দৃশ্যম থ্রির শুটিং চলছে। অক্ষয় খান্নার চরিত্রটিতে নতুন অভিনেতা কাস্ট করার বিষয়টিও চূড়ান্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, এ চরিত্রে দেখা যাবে জয়দীপ আহলাওয়াতকে। তবে এই সময় সিনেমা ছেড়ে দেয়ার কারণে অক্ষয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান দৃশ্যম নির্মাতা।
সূত্র: ইয়ন










