পপ তারকা চার্লি এক্সসিএক্স। আর বিশ্বের অন্যতম প্রবীণ ও ঋদ্ধ চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেসি। তারা যুক্ত হচ্ছেন একটি কাজে। মার্টিনের সিনেমায় অভিনয় করবেন চার্লি। ভ্যারাইটিকে সূত্র জানিয়েছে, অস্কারজয়ী পরিচালক স্করসেসির আসন্ন সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইটে’-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে চার্লিকে। সিনেমায় আরো অভিনয় করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স। গথিক ঘরানার সাইকোলজিক্যাল ড্রামাটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাপল ও স্টুডিওক্যানাল।
সিনেমার গল্পে দেখা যাবে, এক আমেরিকান দম্পতি সন্তান দত্তক নেয়ার উদ্দেশে ইউরোপের একটি ছোট শহরে যান। কিন্তু শিশুটিকে নিজেদের কাছে পাওয়ার চেষ্টা করতে গিয়ে তারা যতই এগিয়ে যান, ততই নিজেদের সম্পর্কে তাদের ধারণা অস্পষ্ট হয়ে উঠতে থাকে। সিনেমাটিতে চার্লির চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তাকে নিয়ে ছবিটির অভিনয়শিল্পীদের তালিকায় আরো রয়েছেন ম্যাডস মিকেলসেন, প্যাট্রিসিয়া ক্লার্কসন ও জ্যারেড হ্যারিস।
চার্লি, অ্যাপল ও স্টুডিওক্যানালের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে মন্তব্য জানতে চেয়েছিল ভ্যারাইটি। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রজগতেও নিজের অবস্থান তৈরি করছেন ব্র্যাট অ্যালবামের গায়িকা চার্লি এক্সসিএক্স। দুই বছরে তাকে সাতটি সিনেমায় দেখা গেছে। এর মধ্যে রয়েছে দ্য মোমেন্ট। চলচ্চিত্রই চার্লির সর্বশেষ অ্যালবাম মিউজিক, ফ্যাশন, ফিল্ম তৈরির অন্যতম অনুপ্রেরণা।
সূত্র: ভ্যারাইটি










