ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব। অভিনয়ের বাইরেও জীবনের নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার ফেসবুকে একটি আবেগঘন ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নতুন করে সংসার গোছানোর ইঙ্গিত দিলেন এ অভিনেত্রী।

সম্প্রতি মাহিয়া মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে লাভ ইমোজি জুড়ে দিয়ে লেখেন, খুব সুন্দর একটা সংসার গোছাব, ঠিক আছে? কখনো লবণ কম, কখনো বেশি, আবার কখনো ভাত গলে গিয়ে জাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য।

তিনি লেখেন, কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করব না। বরং আমরা তুমুল গল্প করব, হাসব, হাসাব—খুব সুন্দর একটা সংসার গোছাবো আমরা।

মাহি আরো লেখেন, সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে-মুচড়ে দেবে। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।

মাহিয়া মাহির এই পোস্টের পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, নতুন করে কী তিনি সংসার শুরু করতে যাচ্ছেন? তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। আবেগঘন এ লেখায় এরই মধ্যে হাজারো লাইক, কমেন্ট আর শেয়ারে ভরে গেছে মাহির টাইমলাইন।