আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাভাসির ২০২৫-২৬ আসরে প্রধান বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।
বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবারো অনুষ্ঠিত হচ্ছে বাভাসি চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়েছে মোট ৭৫টি চলচ্চিত্র। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে এখান থেকে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়। এরপর জুরি বোর্ডের পর্যালোচনায় দ্বিতীয় রাউন্ডের জন্য বেছে নেয়া হয়েছে সেরা ১৬টি চলচ্চিত্রকে। ধারাবাহিক বাছাই প্রক্রিয়া পার হয়ে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হবে সাতটি চলচ্চিত্র।
এ দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজে আমার সেরাটাই দেয়ার চেষ্টা করি। বাভাসি সত্যি অসাধারণ এক প্লাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। আমার এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এইটাই আমার প্রথম দায়িত্ব পাওয়া। ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে বিচারক হিসেবে এমন একটি দায়িত্বে রাখার জন্য।’
বাভাসি চলচ্চিত্র উৎসবের আওতায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, অভিনয় শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদক, গীতিকার, আবহসংগীত পরিচালক ও রূপসজ্জাশিল্পীসহ বিভিন্ন বিভাগে মেধা যাচাই-বাছাই করা হয়। এসব বিভাগে যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান।
নতুনদের প্রতিভা বিকাশের একটি সৌন্দর্যমণ্ডিত মাধ্যম হিসেবে দেশ-বিদেশে এরই মধ্যে সুপরিচিতি অর্জন করেছে বাভাসি চলচ্চিত্র উৎসব। প্রসঙ্গত, এ আন্তর্জাতিক প্লাটফর্মে বিজয়ী হয়ে এরই মধ্যে অনেকেই মিডিয়া অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রেখে নিজ কর্মগুণে এগিয়ে যাচ্ছেন।










