আগামীকাল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পী মনিরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ।

এ প্রদর্শনীতে শিল্পী জাকিয়া খান চন্দনার সাম্প্রতিক সৃষ্টিকর্ম উপস্থাপন হয়েছে। এ শিল্পকর্মগুলো দর্শককে নিয়ে যাবে এক স্বপ্নময় ও রহস্যঘেরা জগতে। সেখানে চেতন ও অবচেতনের মিলনে নির্মাণ হয়েছে এক অনন্য দৃশ্যভাষা।

অ্যাক্রিলিক মাধ্যমে ক্যানভাসে সৃষ্ট তার কাজগুলোয় বাদামি, ওকার, কমলা, অফ-হোয়াইট, কালো ও নীলের সংযত ব্যবহার এক বিশেষ আবহ তৈরি করেছে। বাস্তবের উপাদানকে অবাস্তবের আবেশে রূপান্তরের মাধ্যমে শিল্পী দর্শককে নিয়ে যান এক নান্দনিক ও চিন্তাশীল অভিজ্ঞতার দিকে।

শিল্প সমালোচক জাহিদ মোস্তফা তার মূল্যায়নে উল্লেখ করেছেন, জাকিয়া খান চন্দনার শিল্পকর্ম পরাবাস্তব কল্পনার মাধ্যমে প্রকৃতি, অস্তিত্ব ও রূপান্তরের এক স্বতন্ত্র ব্যাখ্যা উপস্থাপন করে। দীর্ঘ বিরতির পর তার এ প্রত্যাবর্তন বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় একটি তাৎপর্যপূর্ণ সংযোজন।

নিজের শিল্পভাবনা সম্পর্কে জাকিয়া খান চন্দনা বলেন, ‘প্রকৃতিকে উপজীব্য করে আমার চিত্রকর্মে টিকে থাকা ও রূপান্তরের বিষয়গুলো ফুটে ওঠে। আমার আঁকা বিভিন্ন আকৃতি এবং খণ্ডিত ভূদৃশ্য সৃষ্টি ও ধ্বংসের মধ্যকার টানাপড়েনকে তুলে ধরার চেষ্টা করে। আমার শিল্পকর্মগুলো আমাদের পৃথিবীর নিরন্তর বিবর্তনের এক দৃশ্যমান রূপক হিসেবে কাজ করে এবং পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে। পরাবাস্তববাদী শিল্পের বৈশিষ্ট্যমণ্ডিত টেক্সচার ও তুলির আঁচড়ের মধ্য দিয়ে আমি দর্শকের জীবন ও নবায়নের চক্র নিয়ে ভাবনার আহ্বান জানাই।’ জাকিয়া খান চন্দনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে তিনি বার্জার ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন।