সঞ্জয় সমাদ্দারের প্রথম সিনেমা মানুষ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। সিনেমাটি দেশে মুক্তির বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ, সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ। সিনেমার বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজ দিয়ে দর্শকের মন জয় করেছেন সঞ্জয় সমাদ্দার। এক দশক ধরে নির্মাণের সঙ্গে যুক্ত থাকা সঞ্জয় সমাদ্দার বড় পর্দায় যাত্রা করেছেন মানুষ সিনেমার মধ্য দিয়ে। তবে বড় পর্দায় নির্মাতার এ যাত্রা হয়েছে কলকাতা থেকে। কলকাতার দুই শতাধিক প্রেক্ষাগৃহে গত ২৪ নভেম্বর মানুষ মুক্তি পেয়েছে।
দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিনেমাটা কলকাতায় মুক্তি পেলেও আমি শুরুতেই চাইছিলাম আমার দেশের দর্শক দেখুক। এ সিনেমা নির্মাণের সময়ই আমার মনে হতো এটা যদি বাংলাদেশে মুক্তি পায়, তাহলে বাংলাদেশের দর্শকরা পছন্দ করবে। শুরুতেই দেশের মানুষের সাপোর্ট পাচ্ছি। তারা আমার কাজ পছন্দ করেছে। আর এটা আমার প্রথম সিনেমা। খুব যত্ন করে সিনেমাটা নির্মাণ করেছি। দেশের প্রেক্ষাগৃহে দর্শক যখন মানুষ দেখবে, তারা বুঝতে পারবে সিনেমাটার মিউজিক, কালার, সাউন্ড, অ্যাকশন সিকোয়েন্স সবটা মিলিয়েই এটা একটা পরিপূর্ণ ফিল্ম।
এ সিনেমায় মানুষের কথা, মনুষ্যত্বের কথা বলা হয়েছে। সিনেমাটা দেখে একটা পজিটিভিটি তৈরি হবে এবং একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে দর্শক হল থেকে বের হবে বলে আমি বিশ্বাস করি।’
জিতের জিৎ ফিল্মস অ্যান্ড গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রযোজিত মানুষ সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। গত সপ্তাহেই সিনেমাটির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পান বলে জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন।
জিৎ অভিনীত মানুষ মুক্তির আগেই প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন সিনেমার কলাকুশলীরা। তাই মুক্তিকে কেন্দ্র করে প্রচারণার মাত্রা বাড়িয়েছেন তারা। বাংলাদেশে সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে কলকাতার কলাকুশলীরা আসবেন কিনা জানতে চাইলে সঞ্জয় সমাদ্দার জানান, সিনেমাটা একই সঙ্গে মুক্তি পেলে আসার সম্ভাবনা ছিল। তবে এখনই এ নিয়ে বলা যাচ্ছে না।
অন্যদিকে মানুষ মুক্তির সময় কলকাতার সিনেমার হলে গিয়ে কলাকুশলী ও নির্মাতা প্রচারণা চালিয়েছিলেন। যদিও সে সময় কলকাতায় যেতে পারেননি মিম। তবে কলকাতার দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এ সিনেমায় মন্দিরা চরিত্রে অভিনয় করেছেন মিম। সঞ্জয় সমাদ্দারের সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যা সিনহা মিম বলেন, ‘সঞ্জয় সমাদ্দার দাদা বাংলাদেশে অনেক ভালো গল্পের নাটক নির্মাণ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি নির্মাণে মেধার স্বাক্ষর রেখে অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার নির্মিত মানুষ কলকাতার দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এটা আমাদের জন্য সত্যিই গর্ব করার মতো।’
মানুষ মুক্তির পরই প্রশংসা পাচ্ছেন নির্মাতা। তার সিনেমাটি দর্শক ভালোভাবেই গ্রহণ করেছে। এরপর ফের কবে নতুন সিনেমা নির্মাণ করবেন জানতে চাইলে নির্মাতা বলেন, ‘সিনেমা অনেক বড় বিষয়। সবে একটা শেষ হলো। অনেকগুলোর কথা চলছে। চিত্রনাট্য তৈরি আছে বাকি বিষয়গুলোও চলছে। নতুন সিনেমা নির্মাণ শুরু হলে অবশ্যই সবাইকে জানাব। এর জন্য অপেক্ষা করতে হবে।’ নাটক ও ওটিটি কনটেন্ট নির্মাণ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন সঞ্জয় সমাদ্দার। ‘ট্রল’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা ওড়ে’, ‘শিকল’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘শিফট’, ‘সুখ পাখি’ ও ‘দাগ’-এর মতো আলোচিত নাটকগুলো নির্মাণ করেছেন এ নির্মাতা। এবারে তার নতুন নির্মাণের অপেক্ষা।










