কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা রইদ। উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সিনেমাটির অভিনেত্রী নাজিফা তুষি। এছাড়া সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার পেয়েছে রইদ।
সিনেমাটিতে সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন নাজিফা। একসঙ্গে তিনটি পুরস্কার জয়ে উচ্ছ্বসিত সিনেমাটির পুরো টিম। নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ সংশ্লিষ্টরা নিজেদের ফেসবুক ওয়ালে পুরস্কার জয়ের খবরটি শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন।
কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্যও উৎসবটি গুরুত্বপূর্ণ একটি আয়োজন হয়ে উঠেছে। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।
নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল রইদ। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এটি। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি এবার কানাডার মোজাইক উৎসবেও তিনটি পুরস্কার পেল এ সিনেমা।

এদিকে অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে রইদ। বাংলাদেশ থেকে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে বাছাই শেষে গত ২৭ সেপ্টেম্বর মেজবাউর রহমান সুমনের সিনেমাটিকে নির্বাচন করা হয়। ফলে আন্তর্জাতিক উৎসবের সাফল্যের পর এবার অস্কারের দৌড়েও রয়েছে সিনেমাটি।
গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন মেজবাউর রহমান সুমন। সিনেমার গল্প সাদু ও তার স্ত্রীকে ঘিরে। তাদের সম্পর্ক, বিচ্ছিন্নতা ও ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনী।
রইদ মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তার নির্মিত ‘হাওয়া’ ২০২২ সালে মুক্তির পর দেশ-বিদেশে আলোচিত হয়। রইদে বাংলাদেশের গ্রামীণ জীবন, লোকজ বাস্তবতা ও মানুষের সম্পর্কের গল্পকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন নির্মাতা। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরো অনেকে।










