বছরজুড়েই গান নিয়ে ব্যস্ত সময় পার করে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। দেশে একের পর এক কনসার্ট থাকে তাদের। আন্তর্জাতিক অঙ্গনেও গান নিয়ে যাত্রা করে দলটি। গানকে সঙ্গী করে একাধিক আন্তর্জাতিক আয়োজনের আসরে অংশ নিয়েছে চিরকুট ও চিরকুটের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি। গানে গানে দেশের প্রতিনিধিত্ব করতে নিয়মিতই বিশ্বমঞ্চে উপস্থিত হচ্ছেন তিনি। তবে এবারের যাওয়াটা কিছুটা অন্য রকম। এবার নরওয়ের একটি ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্সে আমন্ত্রিত সুমি। নরওয়ের ক্রিস্টিয়ান স্যান্ড শহরের বিখ্যাত ইউনিভার্সিটি অব অ্যাডগারের প্রফেসর ড্যানিয়েল নরগেডের আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিয়েছেন সুমি। যোগ দিয়েছেন বিশ্বের নানা প্রান্তের মিউজিশিয়ানরা। ১০ দিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে ব্যস্ততায় কাটছে সুমির সময়।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন সুমি এবং প্রেজেন্টেশন ও বক্তব্য রাখবেন। সংগীতসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন। নরওয়ের সম্মেলন নিয়ে জানতে চাইলে সুমি জানান, এ আয়োজনে গত ৩ নভেম্বর সায়েন্টিফিক কনফারেন্সের ‘স্ট্র্যাটেজি অ্যান্ড সাস্টেইনেবিলিটি ইন মিউজিক বিজনেস’ শীর্ষক সেশনে বক্তব্য রাখার পাশাপাশি তার প্রস্তাবনা উত্থাপন করেছেন। আজ ও আগামীকাল ‘রোল অব উইমেন ইন মিউজিক ইন্ডাস্ট্রি’ সেশনে নারী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজের অভিজ্ঞতা বিনিময় করবেন সুমি। সর্বশেষ ৯-১০ নভেম্বর ‘মিউজিক অ্যান্ড ক্লাইমেট কেয়ার’ শীর্ষক সেশনটি অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে। এছাড়া ইউনিভার্সিটি অব সাউথ ইস্ট নরওয়েতে ড. সুলভাই কোরামের আমন্ত্রণে নরডিক কালচারাল পয়েন্টের সদস্যদের সঙ্গে ‘নদীরক্স’ ও ‘ক্লাইমেট কেয়ার’ নিয়ে সচেতনতার জায়গা থেকে আরো একটি সেশনে কথা বলার বিষয়ে জানান তিনি।
এ অভিজ্ঞতা নিয়ে সুমি বলেন, ‘বাংলা গানের সঙ্গে নিজেদের ব্যান্ড নিয়ে ২১ বছর ধরে দেশ ও গত ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত কাজ করার পর পৃথিবীর মানুষ যে এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা আমাদের কাছে এত ডিটেইলে শুনতে চায় বা আমার জানানোর সৌভাগ্য হচ্ছে, এটি এক ধরনের বড় সুযোগ ও পরিবর্তন বলে আমার মনে হয়। পৃথিবী আমাদের ভাবনার চেয়ে অনেক বড় এবং সেখানে আমাদের সবার জায়গা থেকে বিস্তৃত কাজের সুযোগ রয়েছে। সে সুযোগের সদ্ব্যবহারে নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে কথা বলাটা শান্তির, সম্মানের, গর্বের।’
নিজের সংগীত যাত্রা ও নরওয়ে সফরের বক্তব্য রাখা নিয়ে সুমি বলেন, ‘প্রথমত শিল্পী ও দ্বিতীয়ত নারীশিল্পী হিসেবে দীর্ঘদিন মিউজিক ইন্ডাস্ট্রিতে পথচলার অভিজ্ঞতাটা অনেককে অনুপ্রাণিত করে বলে আমার মনে হয়। সে বিষয়ে কথা বলেছি। কথা হলো বাংলাদেশের মিউজিক, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইস্যুতে একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের ‘নদীরক্স প্রজেক্ট’ নিয়ে, এ যাত্রার আদ্যোপান্ত নিয়ে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়ের সম্মেলনের একাধিক ছবি শেয়ার করেছেন শারমিন সুলতানা সুমি। সে ছবিকে কেন্দ্র করে সুমির ভক্ত ও অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছে তাকে।
এর আগে চিরকুট নিয়ে আন্তর্জাতিক মহলে কনসার্ট করার পাশাপাশি ভারত, শ্রীলংকা, নরওয়ে, পর্তুগালের বিভিন্ন সংগীতবিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন সুমি। ১৬ নভেম্বর দেশে ফিরে ফের একটি কনসার্টে অংশ নেয়ার কথা জানান এ সংগীতশিল্পী। চিরকুট ব্যান্ডের শুরু থেকেই যুক্ত আছেন সুমি। বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পথ চলছে চিরকুট।










