ছবির গল্প আপনার মনপ্রাণকে ছুঁয়ে যাবে। এটা আমার সবচেয়ে দ্রুত সাইন করা ছবি। রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনের দিন নিজের নতুন ছবির ঘোষণা দিয়েছেন অক্ষয় কুমার। ছবির নাম ‘রক্ষা বন্ধন’। ছবিটি পরিচালনা করবেন অক্ষয়ের আতরঙ্গি রে’র পরিচালক আনন্দ এ রায়। বলে রাখা ভালো এখনো আতরঙ্গি রে’র শুটিং শেষ করেননি অক্ষয়। এর মাঝেই তনু ওয়েডস মনু খ্যাত পরিচালকের সঙ্গে দ্বিতীয় ছবির ঘোষণা সারলেন অক্ষয় কুমার। রাখি উৎসবের দিন ছবিটি নিজের বোন অলকাকে উৎসর্গ করেছেন বলিউডের খিলাড়িখ্যাত অক্ষয় কুমার।

অক্ষয় কুমার তার পুরো ক্যারিয়ারে ‘রক্ষা বন্ধন’-এর মতো দ্রুতগতিতে আর কোনো ছবি সাইন করেননি। টুইট বার্তায় অক্ষয় লিখেছেন, এটাই তার ক্যারিয়ারে সবচেয়ে দ্রুত সাইন করা কোনো ছবি। এই টুইটের সঙ্গে ছবির ফার্স্ট লুক ও পোস্টার শেয়ার করেছেন অক্ষয় কুমার। সঙ্গে তিনি লিখেছেন—ছবির গল্প আপনার মনপ্রাণকে ছুঁয়ে যাবে। এটা আমার সবচেয়ে দ্রুত সাইন করা ছবি। আমি আমার বোন অলকাকে ছবিটি উৎসর্গ করতে চাই। এ পৃথিবীর সবচেয়ে সেরা সম্পর্ক ভাই-বোনের সম্পর্ক। এ ছবির জন্য ধন্যবাদ আনন্দ এল রাই।

‘রক্ষা বন্ধন’ ছবির পোস্টারে চার বোনের সঙ্গে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। তার হাতে বাঁধা রয়েছে রাখি। ছবির ট্যাগলাইন হিসেবে লেখা হয়েছে—‘শুধু বোনেরাই দেয় ১০০ শতাংশ রিটার্ন’।

অক্ষয় কুমারের বোন অলকা ভাটিয়া থাকবেন ‘রক্ষা বন্ধন’ ছবির প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে। অক্ষয় কুমারের বোন অলকা ডাকেন রাজু নামে। একবার এক সাক্ষাত্কারে অলকা জানিয়েছিলেন, রাজু (অক্ষয়) তাকে আত্মনির্ভর হতে শিখিয়েছেন। আর এটাই ভাইয়ের কাছ থেকে পাওয়া তার শ্রেষ্ঠ উপহার।

২০২১-এর ৫ নভেম্বর ‘রক্ষা বন্ধন’ মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস