রাজস্থানের কোটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ভারতীয় টেলিভিশনের শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার কিশোর ভাই শৌর্য শর্মা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় তাদের ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ড্রইং রুমে ছড়িয়ে পড়া ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়। তারা তখন ঘুমিয়ে ছিলেন। আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে না পড়লেও ধোঁয়ার কারণে তারা অজ্ঞান হয়ে পড়েন।
দুর্ঘটনার সময় তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে ছিলেন এবং মা, অভিনেত্রী রীতা শর্মা মুম্বাইয়ে অবস্থান করছিলেন। প্রতিবেশীরা ধোঁয়া দেখে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ড্রইং রুম সম্পূর্ণ পুড়ে গেছে এবং আসবাবপত্র ছাই হয়ে গেছে। মুম্বাই থেকে ফেরার পর শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
(সূত্র: ডিএনএ ইন্ডিয়া)










