কোক স্টুডিওর গান নিয়ে সংগীতপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। এরই মধ্যে একঝাঁক সংগীতশিল্পী নিয়ে গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে হয়ে গেল ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। মূল কনসার্ট সন্ধ্যা ৬টায় শুরু হলেও দর্শক-শ্রোতাদের জন্য গেট খুলে যায় বেলা ১টা ৩০ মিনিটে। সংগীত অনুরাগীদের সংখ্যা বাড়তে থাকে সময়ের সঙ্গে। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে শুরু হয়ে যায় প্রি-শো। ১০০ জনের বেশি শিল্পীর পরিবেশনা দেখতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জড়ো হয়েছিল প্রায় ৩০ হাজার দর্শক-শ্রোতা।

কোক স্টুডিও বাংলার গানের সঙ্গে বিশেষ একটি পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পরেই নিজেদের শ্রোতাপ্রিয় গানগুলো নিয়ে মঞ্চে আসে হাতিরপুল সেশনস। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চে নাসের সাসেক গানটি দিয়ে পরিবেশনা শুরু হওয়া কোক স্টুডিও বাংলা কনসাটটি পাঁচটি অংশে বিভক্ত ছিল। কোক স্টুডিওর দুই সিজনের জনপ্রিয় সব গান নিয়ে কনসার্টের আসর জমিয়েছেন সংগীতশিল্পীরা। পুরো আর্মি স্টেডিয়াম ছিল দর্শক-শ্রোতায় পরিপূর্ণ।

এবারের কনসার্টটির লাইনআপে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অব কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার ও হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা। এছাড়া এবারের কনসার্টে বিশেষ অতিথি ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শককে মুগ্ধ করতে ছিল আর্টসেল, হাতিরপুল সেশনস ও লালন ব্যান্ড।

যারা এ কনসার্টে অংশ নিতে পারেনি তাদের কথা ভেবেই কোক স্টুডিও বাংলা লাইভের ব্রডকাস্ট পার্টনার দীপ্ত টিভির মাধ্যমে সরাসরি কনসার্টটি উপভোগ করেছে অনেক দর্শক-শ্রোতা। এছাড়া কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং দীপ্ত টিভির ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতেও কনসার্টটি দেখানো হয়েছিল। কনসার্ট শুরুর আগে কোক স্টুডিও বাংলা কনসার্টে অংশ নেয়া শিল্পীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘‌কোক স্টুডিও বাংলা সবসময়ই নতুন কিছু করার, বাংলা সংগীতকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে এসেছে। ভক্তদের সরাসরি সে অনন্য সুরের স্বাদ উপভোগ করার সুযোগ করে দেয়ার লক্ষ্যেই এ কনসার্টের আয়োজন করা হয়েছে। যে পরিমাণ ভক্তরা কনসার্টে উপস্থিত হয়েছেন, আর যে ভালোবাসা তারা আমাদের দেখিয়েছেন, এতে আমরা সত্যি খুবই আনন্দিত। এ ভালোবাসা ভক্তদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসতে আমাদের উৎসাহিত করবে।’

শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক মঞ্চে আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়ে দর্শক-শ্রোতা। দুই শিল্পীর নামে মুখর ছিল আর্মি স্টেডিয়াম। তবে ঠিক যখন কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘সন্ধ্যাতারা’ গান দুই সংগীতশিল্পী, সে মুহূর্তে পুরো কনসার্টের চিত্র পাল্টে যায়। ক্ল্যাসিক্যাল ধাঁচের গানটির সময়ে পুরো আর্মি স্টেডিয়ামের দর্শক-শ্রোতা গুণগুণ করতে থাকে। গানটির জাদুর মায়ায় কাটছিল সন্ধ্যাটা।

কোক স্টুডিওর দ্বিতীয় আসরের অন্যতম জনপ্রিয় গান ‘দেওরা’। এ গান নিয়ে মঞ্চে আসেন প্রীতম হাসান ও লোকসংগীতশিল্পী ইসলামউদ্দিন পালাকার। গানটি গাওয়ার সময় পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। প্রীতম হাসানও দর্শকের সঙ্গে তাল মিলিয়ে গাইছিলেন।