এশিয়ার অন্যতম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া ২০২৬’। এবারের উৎসবে তার পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেয়েছে।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে। পরিবেশগত সমস্যা নিয়ে সবচেয়ে শক্তিশালী বার্তা দেয়া চলচ্চিত্রকে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়। ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার প্রযোজনায় নির্মাণ হয়েছে এ সিনেমা। এতে মানুষের বিলুপ্তির পর একটি নেকড়ে ও একটি উলভারিনের প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।

চলচ্চিত্রটির প্রশংসা করে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিরোতাকা ইশিহারা বলেন, ‘এটি মানুষের চিন্তাভাবনাকে নাড়া দেয়ার মতো একটি ব্যতিক্রমী কাজ। মানুষের ধ্বংসযজ্ঞের পরও প্রকৃতির পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা রয়েছে। প্রাণীদের দৃষ্টিকোণ থেকে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের সে রূপ এখানে সূক্ষ্ম ও শক্তিশালীভাবে প্রকাশ পেয়েছে।’
এ পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক ওয়াহিদ ইবনে রেজা। তিনি উৎসব কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। হলিউডের ভিএফএক্স ও অ্যানিমেশন দুনিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এ বাংলাদেশী নির্মাতা। তিনি তার এ চলচ্চিত্র উৎসর্গ করেছেন সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সামারা ওয়াহিদকে।
মেয়ের উদ্দেশে ওয়াহিদ বলেন, ‘আমি সত্যিই আশা করি যে আমরা সবাই মিলে এ পৃথিবীকে ওর এবং ওর প্রজন্মের বেড়ে ওঠার জন্য আরো ভালো একটি জায়গা করে তুলতে পারব।’
পরিবেশ সচেতনতা বাড়ার লক্ষ্যে ৩০ জুন পর্যন্ত উৎসবের অফিশিয়াল অনলাইন প্লাটফর্মে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।










