এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’
সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক এ অভিনেত্রীর। এ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি ঘোষণা করা হয়েছিল মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’তে জুটি বেঁধে অভিনয় করবেন সুনেরাহ বিনতে কামাল ও চিত্রনায়ক নিরব হোসেন। সিনেমাটিতে অভিনয়ের জন্য তারা চুক্তিবদ্ধও হয়েছিলেন। সরকারি অনুদানের এ সিনেমা প্রযোজনা ও পরিচালনা করছেন খ ম খুরশীদ। সিনেমার গল্প লিখেছেন সংসদ সদস্য শাজাহান খান।
রাজধানীর একটি রেস্তোরাঁয় বৃহস্পতিবার ‘জয় বাংলার ধ্বনি’
সিনেমার শিল্পী ও কলাকুশলীর সংবাদ সম্মেলন হয়েছিল। কিন্তু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না সুনেরাহ। পরে জানা যায়, সিনেমায় অভিনয় করছেন না তিনি। এ নিয়ে অভিনেত্রী জানান, ‘সিনেমাটিতে অভিনয় করছি না, কারণ চিত্রনাট্য ভালো লাগেনি। আমি লাইনআপ পরিবর্তন করতে বলেছিলাম। নির্মাতা করেছেন। এরপরও দেখে মনে হলো—না, এটা হচ্ছে না। আমি বলছি না গল্প খারাপ, খুবই ভালো গল্প। কিন্তু এটা আসলে আমি করতে পারব না।’
বিষয়টি নিয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সুনেরাহ। যেখানে সিনেমাটি থেকে সরে আসার বিষয়টি নিয়ে এক বিবৃতি দিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘একজন শিল্পী হিসেবে এতটুকু বিশ্বাস করি, “না” বলার অধিকার সবার আছে। খ ম খুরশিদ পরিচালিত “জয় বাংলার ধ্বনি”
শিরোনামের ছবিতে আমার কাজ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সেটি থেকে আমি সরে আসি। সংবাদ সম্মেলন করার আগেই পরিচালককে তা অবহিত করেছি এবং যথেষ্ট বিনয়ের সঙ্গে কাজটি করতে অপারগতা প্রকাশ করি। তার পরও আমি পরিচালক বরাবর একটি ফরমাল ডিক্লারেশন লেটার পাঠিয়েছি। আশা করব, পরিচালক আমার মতামতকে সম্মান জানাবেন। ছবিটির জন্য আমার শুভকামনা রইল।’
২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে জয় বাংলা ধ্বনির উৎস সিনেমাটি। এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর। এছাড়া এতে থাকছেন রোকেয়া প্রাচী ও নাদের খানসহ আরো অনেকে। চলতি বছরের নভেম্বরে সিনেমাটির দৃশ্য ধারণের কথা রয়েছে।










