সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। এ প্রতিবেদন লেখার সময় আইএমডিবির রেটিংয়ে ছবিটির পয়েন্ট ৯ দশমিক ৮। শুক্রবার মুক্তি পেয়েছে দিল বেচারা। প্রয়াত সুশান্তের প্রতি ভালোবাসা থেকে দর্শকরা যে বড় কোনো কাণ্ড করবেন সেটা প্রত্যাশিতই ছিল। এর আগে ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর মাত্র ৮ ঘণ্টাতেই অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের ট্রেলারের ইউটিউবে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড ভেঙে দেয়।

এবার আইএমডিবিতে (Internet Movie Database) সর্বকালের সেরা রেকর্ড গড়ল সুশান্তের ‘দিল বেচারা’। তাও আবার মুক্তির ৩ ঘণ্টার মধ্যেই! শুধু ভারতীয় চলচ্চিত্রই নয়, হলিউডরও যেকোনো সিনেমার রেটিংয়ের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে দিল বেচারা।

শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় দিল বেচারা। মুক্তির পর পরই আইএমডিবিতে ছবির রেটিং হয় ৯ দশমিক ৯। আর রাত সাড়ে ১১টা নাগাদ রেটিং পৌঁছে যায় ১০ এ ১০। এর আগে আর কোনো ছবি এ রেটিং পায়নি।

ছবির মুক্তির সময় সুশান্তের কেদারনাথ ছবির সহশিল্পী সারা আলী খান সোস্যাল মিডিয়ায় লেখেন, ‘কেবল দুজন মানুষ (সাইফ আলী খান ও সুশান্ত সিং রাজপুত) আমার সঙ্গে সার্ত্রে, ভ্যান গগ, টেলিস্কোপ, গিটার, ক্রিকেট, পিংক ফ্লয়েড, নুসরাত সাব ও অভিনয় টেকনিক নিয়ে কথা বলেছেন। দিল বেচারা এখন ডিজনি হটস্টারে।’

মুক্তির ৩ ঘণ্টার মধ্যেই এত উচ্চ-রেটিং আর কোনো ছবির ভাগ্যে জোটেনি। অবশ্য আইএমডিবির ১০/১০ রেটিং নিয়ে সমালোচনাও হচ্ছে। তাদের কথায়, ‘আবেগে ভেসে কেন ছবির রিভিউ দিলে হবে?’ তবে নিন্দুকদের যাই বলুন, সুশান্তের প্রতি মানুষের ভালোবাসা তো এসব সমালোচনা কানে তুলছেন না। ভক্ত-দর্শকরা সুশান্তের শেষ ছবিকে সেরা রেটিং দিয়ে তার প্রতি সম্মান জানাতে চেয়েছেন।

অন্যদিকে ডিজনি প্লাস হটস্টার বিনা মূল্যে ‘দিল বেচারা’ দেখার সুযোগ দিলেও অনলাইনে ফাঁস হয়েছে দিল বেচারা। পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়ার পর ‘তামিল রকার্স’-এর মতো টরেন্ট সাইটে ‘দিল বেচারা’ সিনেমার এইচডি কোয়ালিটি প্রিন্ট পাওয়া যেতে থাকে।

আইএমডিবিতে দিল বেচারা ১০/১০ রেটিং পেয়েছে ১ হাজার ৪৮ জন রিভিউয়ারের কাছ থেকে। আর গতকাল দুপুর পর্যন্ত ২৬ হাজার রিভিউয়ারের দেয়া রেটিংয়ে দিল বেচারার রেটিং ছিল ৯ দশমিক ৮।

 

সূত্র: ডিএনএ ও পিংকভিলা