গত ১১ নভেম্বর তার মৃত্যুর গুজব উঠেছিল। তবে মৃত্যুর খবর প্রকাশের বিকালেই পরিবার থেকে জানানো হয় তিনি সুস্থ আছেন। তবে অবশেষে সত্যিই চলে গেলেন ধর্মেন্দ্র। আজ সকালে মারা যান তিনি। দুপুর থেকেই তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যায়। এষা দেওলকে দেখা গিয়েছিল সৎকারের আয়োজনে। তবে দুপুর পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
তবে এই সময়ের মধ্যেই করণ জোহর, কারিনা কাপুর, মধুর ভান্ডারকারসহ আরো অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর ছবি পোস্ট করে শ্রদ্ধা প্রকাশ করেছেন। করণ জোহর লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি।’
বলিউডে ধর্মেন্দ্র পরিচিত ছিলেন হি-ম্যান নামে। অ্যাকশন, রোমান্স, কমেডি সব ধারার সিনেমাতেই ছিল তার স্বচ্ছন্দ পদচারণা। ৩০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

করণ জোহরের পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম
হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসসহ বেশকিছু গণমাধ্যম ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মৃত্যুতে সত্যিই বলিউডের একটি দীর্ঘ যুগ শেষ হলো।










