নিজেদের অরিজিনাল সিনেমা ও সিরিজের কারিগরদের স্বীকৃতি দিতে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি দ্বিতীয়বারের মতো এ আয়োজন করে। সন্ধ্যা ৬টায় রেড কার্পেটের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, যেখানে আলো ছড়ান দেশের জনপ্রিয় শিল্পী ও চলচ্চিত্রকর্মীরা। এরপর সন্ধ্যা ৭টায় শুরু হয় পুরস্কার প্রদান পর্ব।
সাবস্ক্রাইবার চয়েস বিভাগে ২০২৩ ও ২০২৪ সালের সেরা সিনেমা হয়েছে যথাক্রমে ‘সুড়ঙ্গ’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’, সেরা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘আধুনিক বাংলা হোটেল’। দর্শকের ভোটে চলচ্চিত্রে সেরা অভিনেতা হয়েছেন আরিফিন শুভ ও শাকিব খান, সেরা অভিনেত্রী আফসান আরা বিন্দু ও মাসুমা রহমান নাবিলা। সিরিজে সেরা অভিনেত্রী সাবিলা নূর ও জয়া আহসান, সেরা অভিনেতা নাসির উদ্দিন খান ও মোশাররফ করিম।
এছাড়া ক্রিটিক চয়েস বিভাগে ২০২৩ সালে সেরা পরিচালক (সিনেমা) রায়হান রাফী (সুড়ঙ্গ), সেরা অভিনেতা আফরান নিশো, সেরা অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সিরিজে সেরা পরিচালক শঙ্খ দাশগুপ্ত (গুটি), সেরা অভিনেতা নাসির উদ্দিন খান, সেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০২৪ সালে সেরা পরিচালক (সিনেমা) রবিউল আলম রবি (ফরগেট মি নট), সেরা অভিনেতা প্রীতম হাসান, সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজে সেরা পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম (সিনপাট), সেরা অভিনেতা এফএস নাইম, সেরা অভিনেত্রী জিন্নাত আরা। এছাড়া চিত্রগ্রহণ, সম্পাদনা, মেকআপ, কস্টিউম, সংগীত, সাউন্ড ডিজাইন, শিল্প নির্দেশনাসহ বিভিন্ন বিভাগে সম্মাননা পান কলাকুশলীরা। সাবস্ক্রাইবারস চয়েসে সেরা গান হয়েছে ‘গা ছুঁয়ে বলো’ (২০২৩) ও ‘লাগে উড়া ধুরা’ (২০২৪)। এছাড়া এ আয়োজনে প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সারকে জানানো হয় বিশেষ সম্মাননা।
চরকির সিইও রেদওয়ান রনি জানান, বাংলা কনটেন্টের রাজধানী হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে চরকি। পাঁচ বছরের পথচলায় চরকির প্রিমিয়াম কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটিরও বেশি ঘণ্টা, নিবন্ধিত গ্রাহক তিন কোটিরও বেশি এবং কনটেন্ট এসেছে ১০০-এর বেশি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিন আবসার ও রাফসান সাবাব। দিনব্যাপী আয়োজনে ছিল তারিক আনাম খানের অভিনয় মাস্টারক্লাস, প্যানেল ডিসকাশন এবং মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব, নুহাশ হুমায়ূনের অংশগ্রহণে বাংলা সিনেমা নিয়ে আলোচনা। ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’য় নতুন প্রজন্মের নিরাপদ জীবনযাপন নিয়েও সচেতনতামূলক বার্তা দেয়া হয়।










