করোনা মহামারীতে বলিউডের আরেকটি ছবি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। প্রথম ভারতীয় নারী সামরিক অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার জীবনীনির্ভর ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। গুঞ্জন সাক্সেনা কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন।

নেটফ্লিক্সে মুক্তি পাবে জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। নেটফ্লিক্সে মুক্তির ঘোষণা আগেই এসেছিল। এবার জানা গেল ছবির মুক্তির তারিখ। ১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে এ ছবি। এতে শ্রীদেবী কন্যা জাহ্নবীকে দেখা যাবে সামরিক উর্দিতে।

গুঞ্জন সাক্সেনা ছবির নতুন দুটি চরিত্রের লুকও সামনে এনেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। এ ছবিতে জাহ্নবীর পাশাপাশি দেখা যাবে অঙ্গদ বেদী ও পঙ্কজ ত্রিপাঠির।গুঞ্জন সাক্সেনার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন অঙ্গদ।

‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবির তিনটি নতুন ছবি শেয়ার করে জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, আমি গর্বিত আপনাদের সামনে দেশের প্রথম নারী বিমান সেনা কর্মকর্তার যুদ্ধে যাওয়ার গল্প হাজির করতে পেরে। এ জার্নি অনুপ্রেরণা দেবে, ঠিক যেমনভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল আপনাদের সামনে আসছে ১২ আগস্ট।

কার্গিল যুদ্ধের সময় সতীর্থ শ্রীবিদ্যা রাজনের সঙ্গে প্রথম ভারতীয় নারী সামরিক অফিসার হিসেবে সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হয়েছিলেন গুঞ্জন।

শরণ শর্মা পরিচালিত ছবিতে জাহ্নবী কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদী ছাড়াও থাকছেন বিনীত কুমার, মানব ভিজ ও আয়েশা রাজাসহ আরো অনেকে। করোনা সংকটেই এ ছবির থিয়েটারে মুক্তি আটকে যায়। শেষমেশ ভারতের হল মালিকদের হতাশা আরো বাড়িয়ে ওটিটি প্লাটফর্মেই মুক্তি পাচ্ছে এই ছবি।

ধর্মা প্রডাকশনসের ব্যানারে নির্মিত হয়েছে গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল। ছবির প্রযোজক হিসেব আছেন করণ জোহর।

 

সূত্র: ইন্ডিয়া টুডে