ড্যানিয়েল ক্রেগের পরে জেমস বন্ডের জুতোয়
কে পা গলাচ্ছেন; এ নিয়ে জল্পনা কম নয়। হেনরি ক্যাভিল, ইদ্রিস এলবাসহ আরো অনেক শক্তিশালী
প্রতিযোগীর নাম শোনা যাচ্ছে। তবে এর বাইরে শুনে নিন অন্য একটি তথ্য।
জিরো জিরো সেভেন এজেন্টের চরিত্রে অভিনয়ের জন্য হলিউডের
বড় তারকারা মুখিয়ে থাকলেও ‘উলভারিন’-খ্যাত হিউ জ্যাকম্যান মুখের ওপর না বলে দিয়েছিলেন।
কারণ চরিত্রটিতে তিনি কোনো নতুনত্ব খুঁজে পাননি।
হিউ জ্যাকম্যান সাম্প্রতিক এক চ্যাট শোতে
বিষয়টি নিশ্চিত করেছেন। পিয়ার্স ব্রসনানের পরে তাকে জেমস বন্ডের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব
দেয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরিয়ে দেন।
হিউ জ্যাকম্যান বলেন, আমি একই জিনিস আবার
করতে চাইনি। আমেরিকান সিনেমায় এ ধরনের মারকুটে নায়ক ডাল-ভাতের মতো বিষয়।
‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার জন্য তাকে প্রস্তাব
দেয়া হয় বলে জানান জ্যাকম্যান। আরো বলেন, তখন যদি জেমস বন্ড ও উলভারিন করতাম, আমার
কাছে আর কিছু করার সময় থাকত না।
পরে ব্রিটিশ স্পাই চরিত্রে যোগ দেন ড্যানিয়েল
ক্রেগ। তারপর ১৫টি বছর সফলভাবে অভিনয় করে গিয়েছেন।
‘এক্স-মেন’ সিরিজের উলভারিন চরিত্রের জন্য
সবচেয়ে বেশি সমাদর পেয়েছেন হিউ জ্যাকম্যান। একক সিনেমা ‘লোগান’-এ মৃত্যু ঘটলেও আগামী
বছর ‘ডেডপুল থ্রি’ ছবিতে চরিত্রটি ফের হাজির হচ্ছে। এ ছাড়া চলতি বছর ‘দ্য সান’ সিনেমায়
দেখা গিয়েছে গোল্ডেন গ্লোব ও টনি অ্যাওয়ার্ড-জয়ী এ অভিনেতাকে।










