হাঙ্গেরির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বেলা তার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগার পর আজ মঙ্গলবার তার মৃত্যু হয়। সকালে ইউরোপীয় চলচ্চিত্র একাডেমি এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

একাডেমির পক্ষ থেকে জানানো হয়, বেলা তার ছিলেন শক্তিশালী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন একজন নির্মাতা। তিনি সহকর্মী ও বিশ্বজুড়ে দর্শকদের কাছে সমানভাবে সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এ কঠিন সময়ে শোকাহত পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তাই তারা এখনই সংবাদমাধ্যমে কোনো বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন।

বেলা তার ধীর গতির চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। তার ছবিতে সাদা-কালো চিত্রগ্রহণ, দীর্ঘ দৃশ্য এবং সীমিত সংলাপের ব্যবহার ছিল লক্ষণীয়। পূর্ব ইউরোপের কঠোর ও নিঃসঙ্গ জীবনের বাস্তবতা তার নির্মাণে উঠে এসেছে।

বেলা তারের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ড্যামনেশন ও সাতানতাঙ্গো। ১৯৯৪ সালে নির্মিত সাতানতাঙ্গো প্রায় সাড়ে ৭ ঘণ্টা দৈর্ঘ্যের হলেও বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে একটি ব্যতিক্রমী কাজ হিসেবে বিবেচিত।