ছয় দিন স্থগিত থাকার পর মঙ্গলবার থেকে ফের সম্প্রচারে ফিরছেন মার্কিন কমেডিয়ান জিমি কিমেল। সোমবার ওয়াল্ট ডিজনি কোম্পানি জানায়, তাদের এবিসি নেটওয়ার্কে আবারো শুরু হবে জনপ্রিয় লেট নাইট টকশো ‘জিমি কিমেল লাইভ’। খবর রয়টার্স।
রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে দেয়া মন্তব্যের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল কিমেলের অনুষ্ঠান। এ নিয়ে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কারের পক্ষ থেকে তদন্ত, জরিমানা ও সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি আসে। ফলে গত বুধবার ডিজনি অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
তবে ডিজনির এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কংগ্রেসম্যান টেড ক্রুজসহ রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নেতারা এফসিসির পদক্ষেপের সমালোচনা করেন। একই সঙ্গে ডিজনি প্লাস গ্রাহকদের বড় অংশ সাবস্ক্রিপশন বাতিল করতে শুরু করলে চাপ বাড়ে কোম্পানির ওপর।
ডিজনি জানিয়েছে, কিমেলের মন্তব্যকে তারা ‘সংবেদনশীল সময়ে অসংবেদনশীল’ বলে মনে করলেও শো স্থগিত করার সিদ্ধান্তটি ছিল উত্তেজনা এড়ানোর জন্য। তবে এবার ফেরানোর সিদ্ধান্ত মূলত ব্যবসায়িক স্বার্থেই নেয়া হয়েছে।
কোম্পানির সিইও বব আইগার ও ডিজনি এন্টারটেইনমেন্ট কো-চেয়ার ডানা ওয়ালডেন এর মধ্যে কিমেলের সঙ্গে বৈঠক করেন। পরে সোমবার শো ফিরিয়ে আনার ঘোষণা দেয়া হয়।
কিমেলের স্থগিতাদেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। ‘হাউ টু ক্যানসেল ডিজনি প্লাস’ সার্চ গুগলে এক বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছে যায়।
এদিকে টার্নিং পয়েন্ট ইউএসএ নামক সংগঠনের মুখপাত্র ডিজনি ও এবিসিকে ‘জনমতের কাছে নত হওয়া’ বলে আখ্যা দিয়েছেন। তবে এফসিসির ডেমোক্র্যাট কমিশনার আনা গোমেজ ডিজনির সাহসিকতার প্রশংসা করেছেন বলেছেন, সরকারি ভীতিপ্রদর্শনের মুখে এটি এক ইতিবাচক দৃষ্টান্ত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিমি কিমেলের স্থগিতাদেশ উদযাপন করলে তা শেষমেশ কাজে এলো না। তিনি এমনকি সম্প্রচার লাইসেন্স বাতিলেরও ইঙ্গিত দিয়েছিলেন।
গত সপ্তাহের সোমবারের মনোলগে কিমেল বলেছিলেন, কার্ক হত্যাকাণ্ডে জড়িতকে নিয়ে ট্রাম্প সমর্থকেরা ‘যে কোনো কিছু বানিয়ে নিতে চাইছে, যাতে হত্যাকারী তাদের নিজেদের মধ্যে একজন হিসেবে প্রমাণ না হয়।‘ এ মন্তব্যকে ‘রাজনৈতিক পয়েন্ট স্কোরের চেষ্টা’ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।
উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক। তার হত্যার ঘটনায় ২২ বছর বয়সী এক ছাত্রকে অভিযুক্ত করা হয়েছে।
কিমেল মঙ্গলবার সম্প্রচারে ফিরে এ নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। তবে তিনি দুঃখ প্রকাশ করবেন কি না তা স্পষ্ট নয়। এছাড়া এবিসির দুটি বড় সহযোগী টেলিভিশন গ্রুপ—নেক্সস্টার ও সিনক্লেয়ার—শোটি সম্প্রচারে ফেরাবে কি না, সেটিও অনিশ্চিত।
এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার জোর দিয়ে বলেছিলেন যে। কিমেলকে সরিয়ে দেয়ার ডিজনির সিদ্ধান্তটি সরকারি পদক্ষেপের ফলে নেয়া হয়নি, বরং এটি ছিল বাণিজ্যিক সিদ্ধান্ত। কিমেলকে পুনর্বহাল করার আগে কার একটি ফোরামে বলেছিলেন, ‘জিমি কিমেল তার রেটিংয়ের কারণে এই পরিস্থিতিতে পড়েছেন।'
গত সপ্তাহে ডিজনির শেয়ারের মূল্য হ্রাস পায় এবং সোমবার আরো ১% কমে লেনদেন শেষ হয়েছে।











