ভিন্ন চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নিজের অবস্থান দৃঢ় করেছেন দীপা খন্দকার। অভিনয় জীবনের শুরুতেই গল্প ও চরিত্রের প্রতি গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। এখন কাজ বাছাইয়ের ক্ষেত্রেও আরো সতর্ক হয়েছেন এ অভিনেত্রী।
এরই মধ্যে কর্মফল নামের একটি নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। প্রচলিত ঘরানার বাইরে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন আ খ ম হাসান। চরিত্রটি নিজের মতো করে ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছে বলে জানিয়েছেন দীপা।
কর্মফল প্রসঙ্গে দীপা বলেন, ‘মহিন গল্পটা যেমন মন দিয়ে লেখে, ঠিক তেমনি ভীষণ যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করে। যে কারণে তার নির্দেশনায় কাজ করতেও ভালো লাগে। কর্মফল নাটকটির গল্প জীবনঘনিষ্ঠ। এতে আমি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটকেও কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে সম্প্রতি এ ধারাবাহিকের শিল্পীদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নতুন এ কাজ নিয়েও ব্যস্ততা বাড়ছে অভিনেত্রীর।
এর আগে রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন দীপা খন্দকার। চরিত্রটির মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। এ নাটকে তার অভিনয় দর্শকের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে। সে ধারাবাহিকতার মধ্য দিয়েই এবার কর্মফলের মতো ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়ের পরিধি আরো বাড়াচ্ছেন এ অভিনেত্রী।










