বেসরকারি টেলিভিশন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ ব্যান্ড হিসেবে পুরস্কৃত হলো জনপ্রিয় ব্যান্ড চিরকুট। বছরব্যাপী দেশে ও বিদেশে বাংলাদেশী ব্যান্ড হিসেবে প্রশংসনীয় ভূমিকা রাখার পাশাপাশি ‘মাটিগীতি’ শিরোনামের অডিও-ভিডিও অ্যালবামের ‘খালাস’-গানটির জন্য পুরস্কৃত হয় তারা।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ পুরস্কার গ্রহণ করেন চিরকুট ব্যান্ডের সদস্যরা। তাদের হাতে পুরস্কারটি তুলে দেন ব্যান্ড তারকা মানাম আহমেদ। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় চিরকুট ব্যান্ডের ভোকাল সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো এ বিশেষ পুরস্কার পেলাম। অনুভূতি শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা নদী বয়ে যাওয়ার মতো। অনেক কষ্টের পর সূর্য দেখার মতো। লক্ষ কোটি মানুষের ভালোবাসার মতো। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে। চ্যানেল আইয়ের কাছে বিশেষ কৃতজ্ঞতা আমাদের আবারো সম্মানজনক স্বীকৃতির যোগ্য মনে করায়। ব্যান্ড লিজেন্ড মানাম আহমেদ ভাইকে ধন্যবাদ আমাদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেয়ায়।’
ব্যান্ড মিউজিকের অন্যতম পথিকৃৎ, কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে এ প্রাপ্তি ভক্তদের উৎসর্গ করেছে চিরকুট।
বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট। ২০০২ সালে চিরকুট প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের একাধিক গান মানুষের মন জয় করেছে। গান জনপ্রিয়তা পেলেও প্রথম অ্যালবাম প্রকাশে বেশ দেরি করেছে চিরকুট। তাদের প্রথম অ্যালবাম চিরকুটনামা প্রকাশ পায় ২০১০ সালে। ছয় বছর পর নতুন একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। এটা চিরকুটের চতুর্থ অ্যালবাম। তাদের চতুর্থ অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’। নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইলে চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, ‘অ্যালবামের গানের কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। ঘোষণাটা এখন দেয়া হলো। ঘোষণা দেয়ার পর সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। চেষ্টা করছি দ্রুত সব কাজ গুছিয়ে নেয়ার।’
বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশে ও বিদেশে সমানতালে কনসার্ট করছে চিরকুট। চলতি বছর ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ শীর্ষক পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্র ট্যুরে যায় ব্যান্ডটি। এর আগে ২০১৫ ও ২০১৬-তে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল তারা।
এছাড়া গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্ব সংগীতের কিংবদন্তি ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট। টানা কয়েক বছর সর্বোচ্চসংখ্যক দেশীয় কনসার্টেও অংশ নেয়ার গৌরব অর্জন করেছে ব্যান্ডটি। এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্টে বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে চিরকুট।
চিরকুট ব্যান্ডের বর্তমান লাইন আপ শারমিন সুলতানা সুমি-কথা, সুর, কণ্ঠ। পাভেল আরিন-ড্রামস, দিব্য নাসের-লিড গিটার, আরাফ-বেইজ গিটার, জাহিদ নিরব-কী-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল, রায়হান ইসলাম শুভ্র-গিটার, ম্যান্ডোলিন।










