সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে এরই মধ্যে দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড় পর্দায় ধীরে ধীরে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এ অভিনেত্রী। তবে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে শুধু নিয়মিত কাজ করাকে গুরুত্ব দিচ্ছেন না তিনি, গল্পকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। এরই মধ্যে ঘোষিত তানিম নূরের ‘কানাভুলা প্যারাডক্স’ নিয়েও প্রস্তুতি নিচ্ছেন সাবিলা। বড় পর্দায় নিয়মিত হওয়ার বিষয়ে সাবিলা জানান, তিনি সিনেমায় নিয়মিত হতে চান। তবে শুধু নিয়মিত কাজ করার জন্য নয়, গল্প ভালো লাগলেই নতুন সিনেমায় যুক্ত হবেন।
সাবিলা বর্তমানে কানাভুলা প্যারাডক্সে শরিফুল রাজের সঙ্গে অভিনয় করছেন। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’-এও একসঙ্গে কাজ করেছেন তারা। নতুন সিনেমাটিতে আবারো এ জুটিকে দেখা যাবে। কানাভুলা প্যারাডক্স নির্মাণ করছেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। তানিম নূরের প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের মিশেলে ভিন্নধর্মী গল্প বলবে। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর একই নামের উপন্যাস থেকে সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা নেয়া হয়েছে।
রাজের অভিনয় নিয়ে ইতিবাচক সাবিলা। তার ভাষায়, রাজ ‘ব্রিলিয়ান্ট’ একজন অভিনেতা। তার সঙ্গে অভিনয় করলে নিজের অভিনয়কেও নতুনভাবে চ্যালেঞ্জ করা যায়।
শাকিব খানের সঙ্গে দুটি সিনেমায় অভিনয়কেও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন সাবিলা। শুধু বাণিজ্যিক সাফল্য দিয়ে একটি সিনেমাকে বিচার করতে চান না তিনি। ভালো গল্পের অংশ হওয়া, নতুন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করা তার কাছে গুরুত্বপূর্ণ। সমসাময়িক সিনেমা নির্বাচনের ক্ষেত্রে গল্পকে গুরুত্ব দেয়ার পাশাপাশি নতুন চরিত্র ও কাজের ধরন নিয়েও ভাবছেন সাবিলা। কানাভুলা প্যারাডক্সের প্রস্তুতির অংশ হিসেবে পুরনো কিছু সিনেমা দেখছেন এবং চরিত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বড় পর্দায় কাজের পরিধি বাড়লেও তাই তার কাছে সংখ্যার চেয়ে গল্প ও চরিত্রের বৈচিত্র্যই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।










