এমিল বয়সে ছোট হলেও সে খুব মেধাবী। খেলাঘরের ‘মুক্ত পাখিকে বন্দী কোরো না’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সে। প্রতিযোগিতার পুরস্কার নিতেই প্রথমবারের জন্য এমিল খুলনা থেকে ঢাকায় আসে ট্রেনে করে। এখানেই বাধে সব বিপত্তি। এমিলের মা তাকে টাকা দিয়েছিল, সেটা সে হারিয়ে ফেলেছে। এর পরই শুরু হয় তার টাকা উদ্ধারের অভিযান, নেমে যায় ছোট্ট এমিল। আর তার এ অভিযানে সঙ্গী হয় ঢাকার একদল শিশু। এটা ছিল প্রয়াত গুণী চলচ্চিত্র পরিচালক বাদল রহমান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘এমিলের গোয়েন্দা বাহিনী’র গল্প। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালের ২৯ আগস্ট। এটি সে সময় বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এমিলের গোয়েন্দা বাহিনী সিনেমাটি বাংলাদেশের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের প্রথম শিশুতোষ সিনেমা ছিল এটি। ১৯২৯ সালে জার্মান লেখক এরিখ কাস্টনার রচিত এমিলের গোয়েন্দা দল নামক কিশোর গোয়েন্দা উপন্যাসের আলোকে এটি নির্মিত হয়েছে। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও করেছিলেন নির্মাতা বাদল রহমান। এমিলের গোয়েন্দা বাহিনী সিনেমায় অভিনয় করেছিলেন গোলাম মোস্তফা, সারা যাকের, এটিএম শামসুজ্জামান, শর্মিলী আহম্মেদ, মাস্টার পার্থ, শিপলু প্রমুখ। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত প্রথম সিনেমা ছিল এটি, যেটি সে সময়ে কেবল ঢাকায় মুক্তি পায়।

এবার এ সিনেমার গল্প নিয়েই একটি টিভি চ্যানেলের জন্য কৌশিক শঙ্কর দাস নির্মাণ করছেন ত্রিশ পর্বের ধারাবাহিক নাটক ‘এমিল ও গোয়েন্দা বাহিনী’। এ ধারাবাহিকে এমিলের মায়ের চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী ফারজানা চুমকি।

চুমকি বলেন, ‘এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে এবং এতে আমি অংশ নিয়েছি। আমি এমিলের মায়ের চরিত্রে অভিনয় করছি। সিনেমাটি আমার আগে দেখা ছিল। যেহেতু সে সিনেমা থেকেই এবার ধারাবাহিক নাটকটি নির্মিত হচ্ছে, তাই এর চরিত্র, গল্প বুঝতে অনেক সুবিধা হয়েছে। তাছাড়া আমি এবারই প্রথম কৌশিক শংকর দাসের নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। ভীষণ ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে। নাটকে আরো যারা অভিনয় করছেন প্রত্যেকেই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছেন। যেহেতু ট্রেনে যেতে যেতে নাটকটির শুটিং হয়েছে, তাই কাজটিও দারুণ উপভোগ করেছি। আমি নাটকটি প্রচারের অপেক্ষায় আছি অধীর আগ্রহ নিয়ে।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাটকের শুটিংয়ের কিছু ছবিও প্রকাশ করেছেন এ অভিনেত্রী। যেখানে দেখা যায় ট্রেন স্টেশনে শুটিং চলছে। এরিখ কাস্টনারের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন মনসুরুর রহমান চঞ্চল। এটি প্রচার হবে দুরন্ত টিভিতে। ফারজানা চুমকি নিয়মিত টিভি নাটকে অভিনয় করার চেষ্টা করছেন। বাংলাভিশনে প্রচারিত নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’, এটিএন বাংলায় মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি নিয়মিত। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করেছিলেন চুমকি। তাই এখনো সময় সুযোগ পেলে মঞ্চনাটকেও তিনি অভিনয় করেন।