বাংলাদেশের আধুনিক নাটকের অগ্রপথিক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল থিয়েটার নাট্যদল মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া পুরস্কার প্রদান করতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে এ পদক দেয়া হবে। এ আয়োজনের মধ্য দিয়ে ২০২২ সালের পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে পদক প্রদান করা হবে।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিশেষ অতিথি থাকবেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সংস্কৃতিজন শাহ এ সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদার। আয়োজনের দ্বিতীয় পর্বে পালানাট্য পরিবেশন করবেন সায়িক সিদ্দিকী। ১৯৮৯ সাল থেকে থিয়েটার প্রতি বছর মুনীর চৌধুরী সম্মাননা ও ১৯৯৭ সাল থেকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করে আসছে। আইএফআইসি ব্যাংকের সৌজন্যে পদক দুটির অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। করোনা মহামারীর কারণে দুই বছর স্মৃতিপদক দেয়া সম্ভব হয়নি। এ কারণে গত বছর একসঙ্গে ২০২০ ও ২০২১ সালের পুরস্কার দেয়া হয়েছিল।