তাদের কাজগুলো কিউরেট করে প্রদর্শনীতে তুলে আনছেন শিল্পী ফারিহা জেবা। প্রদর্শনীটির নাম তাই ‘আনটোল্ড স্টোরি’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে এটি। উদ্বোধন হবে সন্ধ্যা ৬টায়।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন ফ্রেদেরিক ইনজা, ডেপুটি হেড অব মিশন, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস ও তানভীর আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর, শেলটেক গ্রুপ ও এনভয় লিগ্যাসি।
প্রদর্শনীতে শিল্পীর বই ও সমকালীন শিল্পকর্মের মাধ্যমে মানুষের একান্ত ও প্রায়ই অনুচ্চারিত অভিজ্ঞতাগুলোকে তুলে ধরা হয়েছে। চিত্রকলা, ড্রয়িং, কোলাজ, সেলাই, টেক্সটাইল, সংগৃহীত উপকরণ এবং পরীক্ষামূলক বইয়ের নানা রূপের মাধ্যমে শিল্পীরা স্মৃতি, পরিচয়, ঐতিহ্য, হারানো, আকাঙ্ক্ষা ও জীবন-অভিজ্ঞতার মতো বিষয় নিয়ে কাজ করেছেন। ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতিকে তারা রূপ দিয়েছেন দৃশ্যমান ও বস্তুগত শিল্পভাষায়।
শিল্পীরা বইয়ের মাধ্যমে স্মৃতির খণ্ডাংশ সংরক্ষণ, ব্যক্তিগত ও সাংস্কৃতিক ইতিহাসের পুনর্পাঠ এবং প্রচলিত ভাষায় প্রকাশ করা কঠিন এমন অভিজ্ঞতাকে দৃশ্যমান করার চেষ্টা করেছেন। বইয়ের পৃষ্ঠার বাইরেও প্রদর্শনীতে উপস্থাপিত বিভিন্ন শিল্পকর্ম ব্যক্তিগত আখ্যানের অংশ বিশেষকে গ্যালারি-পরিসরে নিয়ে আসে, যেখানে ব্যক্তিগত স্মৃতি একটি সম্মিলিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন এষা আহমেদ, ফৌজিয়া মাহিন চৌধুরী, কাজমিন সামিয়া, সুলেখা চৌধুরী, সুমনা আক্তার ও সুরভী আক্তার। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন আলিয়া কামাল, অর্পিতা সিংহ, মাহমুদা সিদ্দিকা, রাফিয়া মাহজাবীন, ঋতুপর্ণা সাহা ও ভেনিসা কায়সার।
সাতজন দলীয় শিল্পী এক বছর ধরে বিষয়টি নিয়ে কাজ করেছেন। আগামীকাল শুরু হয়ে প্রদর্শনীটি ৯ সেপ্টেম্বর অবধি চলবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।










