এ অভিনেত্রী এবার অভিনয় করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আরো কিছুক্ষণ’-এ। ২৯ মিনিটের সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে আছেন অভিনেতা শাহিন আহমেদ।

‘আরো কিছুক্ষণ’ নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। ব্যস্ত ও যান্ত্রিক এক শহরে দুই আগন্তুকের কিছু মুহূর্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার গল্প। এতে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সাদিয়ার চরিত্রটিও সূক্ষ্ম অনুভূতির মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় জি সিরিজের ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটি নিয়ে আশাবাদী সাদিয়া আয়মান। অন্যদিকে বড় পর্দায় নিয়মিত অভিনয়ে আপত্তি না থাকলেও কাজ বাছাইয়ের ক্ষেত্রে বেশ সচেতন তিনি। গল্প ও চরিত্র পছন্দ না হলে কাজ করতে চান না। এ কারণে সিনেমা নিয়ে তাড়াহুড়া করতে চান না সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় সিনেমাটা একটু বুঝে করা উচিত। সময় নিচ্ছি। অনেক গল্প এসেছে, মিটিং হয়েছে, হচ্ছে। সব ঠিকঠাক হলেই সিনেমাটা করতে চাই। সিনেমা নিয়ে তাড়াহুড়া করতে চাই না।’

কাজের মানের বিষয়েও সচেতন এ অভিনেত্রী। নাটকে একই ধরনের চরিত্র বারবার পাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন দেখলাম নাটকে একই চরিত্র বারবার পাচ্ছি, তখন নিজেকে ওখান থেকে সরিয়ে এনেছি। সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিতে শুরু করি। কোনো গল্প এলেই এটা করব কিনা, আগে নিজেকে প্রশ্ন করি। যখন মনে হয়, কাজটা করা উচিত, তখনই করি। না হলে যত বড় কাজই হোক, সম্মান রেখেই না করে দিই।’