গতকাল সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের ঠিক এক মাস পূর্ণ হয়েছে। এই এক মাসে ভক্তদের স্মরণে নানা ঘটনায় যেন জীবন্ত হয়ে আছেন এই তারকা। চলে গিয়েও সুশান্ত প্রতিদিনই যেন প্রাসঙ্গিক। তার শেষ ছবি দিল বেচারার মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, ভক্ত-দর্শকদের অপেক্ষা আর বাঁধ মানছে না। ৬ জুলাই মুক্তি পায় সুশান্তর শেষ ছবি দিল বেচারার ট্রেলার। মুক্তির পর মাত্র ৮ ঘণ্টাতেই অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের ট্রেলারের ইউটিউবে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড ভেঙে দেয় দিল বেচারা।
এবার যেন শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা। ইতিহাসে প্রথম কোনো ছবির ট্রেলার হিসেবে দিল বেচারা ইউটিউবে এক কোটি লাইকের মাইলফলক অতিক্রম করেছে।
দিল বেচারার পরিচালক মুকেশ ছাবরা ও অভিনেত্রী সঞ্জনা সংঘী এ তথ্য শেয়ার করেছেন। এর আগে ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি লাইক পেয়েছে যে ভিডিওগুলো, সেই তালিকার শীর্ষে গিয়েছিল দিল বেচারার ট্রেলার। এবার এক কোটি লাইকের রেকর্ড, কোনো চলচ্চিত্রের জন্য এ-যাবৎ এটাই সর্বোচ্চসংখ্যক লাইক। এখন পর্যন্ত সাত কোটিবার এ ভিডিও দেখা হয়েছে।
ইউটিউবে লাইকের বিবেচনায় যেকোনো ভিডিওর ক্ষেত্রে রেকর্ড এখনো লুই ফন্সির ডেসপ্যাসিটোর। সেটির লাইক আছে ৩ কোটি ৮০ লাখ। সেই রেকর্ডও দিল বেচারার ট্রেলার ভেঙে দেয়া কিনা তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে।
পরিচালক মুকেশ ছাবরার দিল বেচারা ছবিতে দেখা যাবে কিজি আর ম্যানির প্রেমের গল্প। ম্যানির চরিত্রে আছেন সুশান্ত সিং রাজপুত আর কিজি হয়েছেন সাঞ্জানা সাংঘি। জন গ্রিনের লেখা উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’
অবলম্বনে তৈরি দিল বেচারা। ২৪ জুলাই ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সরাসরি মুক্তি পাবে দিল বেচারা। শুধু সাবস্ক্রাইবার নন, বরং যে কেউ বিনামূল্যে এ ওটিটি প্লাটফর্মে দেখতে পারবেন দিল বেচারা। সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার পরিচালক হিসেবে অভিষেক হবে দিল বেচারা ছবিটির মাধ্যমে। ছবি মুক্তির আগেই চলে গেলেন ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত। এ ঘটনায় স্বভাবতই বেদনার্ত হয়েছেন তিনি। আর সুশান্ত সিং রাজপুত শুধু মুকেশের নায়ক নন, ছিলেন ভাই-বন্ধুর মতো।
সম্প্রতি ইনস্টাগ্রামে দিল বেচারার শুটিং সেটের বেশকিছু ছবি পোস্ট করে মুকেশ লিখেছেন, ‘আমি জানি তুই আমাকে দেখছিস।’
সুশান্তর প্রথম ছবি কাই পো ছের কাস্টিং ডিরেক্টর ছিলেন মুকেশ। সে সময়ই সুশান্ত তাকে কথা দিয়েছিলেন, মুকেশ কোনোদিন ছবি পরিচালনা করলে সেই ছবির নায়ক হবেন তিনি। কথা রেখেছেন সুশান্ত। সুশান্তর মৃত্যুর পর আবেগাক্রান্ত মুকেশ লিখেছিলেন, ‘ও আমার ভাইয়ের মতো...সুশান্ত
ইন্ট্রোভার্ট মানুষ ছিল, কিন্তু অসাধারণ বুদ্ধিদীপ্ত ও প্রতিভাধর। এ ইন্ডাস্ট্রি সত্যি একটা রত্ন হারাল...এখনো
বিশ্বাস করতে পারছি না। আশা করছি ভাই তুই আরো ভালো কোনো জায়গায় আছিস, তোকে খুব মিস করব আর ভালোবেসে যাব।’










