অস্কারের ৯৯তম আসরে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমনের সিনেমা রইদ। সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির মূল্যায়ন ও আলোচনার পর সিনেমাটিকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
কমিটির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন জহিরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
এবার বাংলাদেশের বাছাই প্রক্রিয়ায় জমা পড়ে পাঁচটি সিনেমা। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ ও মনিরুল আকাশ হকের ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক পর্বে চারটি সিনেমা টিকে যায়। শেষ পর্যন্ত কমিটির সিদ্ধান্তে অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয় রইদ।
সাধু ও তার স্ত্রী পাগলিকে ঘিরে রইদের গল্প। প্রেম ও নীরবতার ভাষায় মানবজীবনের এক আদিম ও চিরন্তন প্রেমকথা বলার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ এটা আমাদের গল্প, আমাদের এ অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। রইদের মাধ্যমে আমরা সে অভিজ্ঞতা দেয়ার চেষ্টা করেছি।’
বাংলাদেশের সিনেমার অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো ছবি সেভাবে ছিল না। বেশ কয়েক বছর ধরে ভালো মানের ছবি অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা আশার দিক বলে মনে করছি। একটা সময় হয়তো বাংলাদেশ এর সুফলও পাবে।’
এদিকে সিনেমাটি অস্কারের দৌড়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। তার মতে, এ যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
এখন অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার দিকে তাকিয়ে থাকবে রইদ টিম।










